ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আজ শুক্রবার থেকে প্রথমবারের মতো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অধীনে বর্জ্যের পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার ও পুনর্চক্রায়ন নামের একটি পাইলট প্রকল্পে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর ধানমন্ডি, বারিধারা, গুলশান, মিন্টু রোড ও গণভবন এলাকা এবং চট্টগ্রাম শহরের খুলশী ও নাসিরাবাদ এলাকায় এই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হবে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে এ প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী ও একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন। বর্জ্য সৃষ্টির পরিমাণ হ্রাস, ব্যবহূত সামগ্রীগুলোর পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশের সুরক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পুনর্চক্রায়ন করে বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব।জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এক হাজার ৯০৯ দশমিক ৮০ লাখ টাকা ব্যয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর ২০১২ সালের মার্চের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছিল গত বছরের এপ্রিল মাস থেকে। প্রতিদিন প্রকল্প এলাকায় সৃষ্ট ১০০ টন বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। এর মধ্যে ১৫ শতাংশ পুনর্চক্রায়নযোগ্য বর্জ্য ও ৭০ শতাংশ জৈব বর্জ্য। এ প্রকল্পের মাধ্যমে ঢাকার জন্য তিনটি ভ্যাকুয়াম সুইপিং ট্রাক ক্রয় করা হবে যা প্রকল্প এলাকার পরিচ্ছন্নতার কাজে ব্যবহূত হবে। প্রকল্পের মাধ্যমে ঢাকায় তিন এলাকার জন্য ২০ টন ক্ষমতাসম্পন্ন একটি কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ শেখ ফজলে নূর তাপস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেছবাহ-উল আলম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।