পুরোনো জাহাজভাঙার শিল্প রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। অথচ এসব জাহাজ আমদানির অনাপত্তিপত্র দেওয়া হয় ঢাকার সমুদ্র পরিবহন অধিদপ্তরের সদর দপ্তর থেকে। জাহাজগুলোতে বিষাক্ত অথবা পরিবেশদূষণকারী কোনো পদার্থ আছে কি না, তা-ও সরকারি কোনো সংস্থা দেখে না। ফলে অনেক পুরোনো জাহাজের সঙ্গে বিষাক্ত পদার্থ আসছে বলে অভিযোগ রয়েছে।জাহাজভাঙা শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৬ সালের আগে স্ক্র্যাপ জাহাজ আমদানির জন্য এই অনাপত্তিপত্র নেওয়া হতো না। আদালতের এক আদেশের কারণে ওই বছরের ৭ মার্চ থেকে দেশে স্ক্র্যাপ জাহাজ আমদানি করতে হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনাপত্তিপত্র নিতে হচ্ছে। অধিদপ্তর কেবল জাহাজটির ক্রেতার দাখিল করা কিছু দলিলপত্র এবং জাহাজটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের তালিকাভুক্ত কি না, তা খতিয়ে দেখে অনাপত্তিপত্র দেয়।সরেজমিনে জাহাজ না দেখে কীভাবে অনাপত্তিপত্র দিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জাহাজ আসার আগে পরিদর্শন সম্ভব নয়। তাই জাহাজটির অতীত কাগজপত্র দেখে আমরা অনাপত্তিপত্র দিচ্ছি।’ জাহাজ আসার পর পরিদর্শন করা হয় না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার চট্টগ্রাম কার্যালয়ের কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিলে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন কি না, সন্দেহ আছে। তাই কাউকে দায়িত্বও দেওয়া যাচ্ছে না।’অধিদপ্তরের হিসাবে দেখা যায়, ২০০৬ সালের ৭ মার্চ থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৬৯৭টি স্ক্র্যাপ জাহাজ আমদানির অনাপত্তিপত্র দেওয়া হয়। এর মধ্যে আমদানির পর অধিদপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বিমানে চড়ে চট্টগ্রাম এসে মাত্র চারটি জাহাজ পরিদর্শন করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিদপ্তরের অনাপত্তিপত্র নিয়ে পুরোনো জাহাজ আমদানির পর প্রথমে শুল্ক কর্তৃপক্ষ বহির্নোঙরে গিয়ে জাহাজটি পরিদর্শন করে কেবল শুল্কযোগ্য পণ্যের তালিকা করে। চট্টগ্রাম কাস্টম হাউসের পুরোনো জাহাজ শুল্কায়ন গ্রুপের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘জাহাজে শুল্ক পরিশোধযোগ্য পণ্যের তালিকা করাই আমাদের কাজ। জাহাজে কোনো বিষাক্ত পদার্থ আছে কি না, সেটা দেখার দায়িত্ব আমাদের নয়।’একইভাবে বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা কেবল আমদানি করা জাহাজের বিভিন্ন তেলবাহী ট্যাংকগুলো গ্যাসমুক্ত কি না, এবং সেগুলো কাটা যাবে কি না, তার পরীক্ষণ সনদ দেন। আবার জাহাজে কোনো দাহ্য গ্যাস থাকলে তা দূর করার ব্যবস্থা বিস্ফোরক অধিদপ্তরের নেই। চট্টগ্রামের বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক শংকর প্রসাদ পাল বলেন, ‘বিষাক্ত পদার্থ নয়, আমরা কেবল জাহাজের ট্যাংকগুলোতে কোনো হাইড্রো কার্বন আছে কি না, সেটাই দেখি।’জাহাজভাঙা শিল্প নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিকবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম মারুফ হোসেন। তিনি বলেন, ‘একটি পুরোনো জাহাজে কোন ধরনের বর্জ্য আছে, সেটা নির্ভর করে ওই জাহাজে আগে কী পরিবহন করা হয়েছিল তার ওপর। কোনো কোনো জাহাজে অ্যাজবেস্টরস, পিবিসি, পারদের মাত্রা এত বেশি থাকে যে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের দেশে এসব বর্জ্য অপসারণে কড়াকড়ি না থাকায় সীতাকুণ্ডের শিপইয়ার্ড শিল্পোন্নত দেশের বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে।