ঢাকায় বার্মা সোনালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ১ নম্বরের ১৩১ নম্বর সড়কের একটি বাড়ির সামনে পথপাশে খুঁজে পাওয়া গেল ক্যাশিয়ার আরেক প্রজাতির গাছ। এ গাছটির বাংলা নাম বার্মা সোনালু। বৈজ্ঞানিক নাম Cassia renigera। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সরেজমিনে গাছটি দেখতে গিয়ে জানা গেল, ১৫ বছর ধরে গাছটি এখানে আছে। এ তথ্য দিয়েছেন সেখানকার একজন দোকানি। তবে গাছটি কে লাগিয়েছিলেন, সে তথ্য পাওয়া যায়নি। বার্মা সোনালু (Burmese Pink Cassia) মূলত বার্মারই আদিবাসী গাছ। সৌন্দর্যের কারণে গাছটি ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ায় বাগান এবং পথপাশের সৌন্দর্যবর্ধনের জন্য মিয়ানমার থেকে আগমন ঘটানো হয়েছে। বাংলাদেশে হয়তো কোনো তরুপ্রেমী গাছটি এনে লাগিয়েছেন। বার্মা সোনালু পত্রঝরা মাঝারি বৃক্ষ। ৬-১০ মিটার লম্বা হয়। বৃক্কাকার পাতা, প্রায় ৩৮ সেন্টিমিটার লম্বা। একটি পত্রে ১০ থেকে ২১টি পাতা থাকে। পুষ্পবিন্যাস রেসিম। পাপড়ি লালচে গোলাপি। পুংকেশর দীর্ঘ। ফুল ফোটে মে-জুলাই মাসে। গাছ দ্রুত বাড়ে এবং পাঁচ-ছয় বছরের মধ্যে ফুল আসে। তবে অঞ্চল ও আবহাওয়া অনুসারে সময়ের হেরফের হতে পারে। গাছ হালকা ছায়া ও মিশ্র মাটি পছন্দ করে। খরা ও বরফে অনুপযোগী।