ঢাকায় বিএনপির গণমিছিল সোমবার, আ.লীগের কর্মসূচিও স্থগিত
কাল রোববার নয়, রাজধানীতে বিএনপি গণমিছিল করবে আগামী সোমবার। তবে কাল সারা দেশে বিএনপির গণমিছিল যথারীতি চলবে। আজ শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। এদিকে আওয়ামী লীগও আগামীকালের কর্মসূচি স্থগিত করেছে। দলের নেতা মাহবুব উল হানিফ আজ প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।কাল বিএনপির গণমিছিলের পাশাপাশি রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগর পুলিশ কাল রোববার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীতে সব ধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করায় দুই দলই তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। আজ ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদবিজ্ঞপ্তিতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেন।