ঢাকায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টনে আজ রোববার বিকেলে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, মিছিলে ককটেল নিক্ষেপের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু জড়িত। আজ রাতে বিএনপির গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।মির্জা ফখরুল বলেন, ‘এই হামলা পূর্বপরিকল্পিত। সৈয়দ আশরাফ তা আগেই জানতেন।’জানা গেছে, এই ককটেল হামলার ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির আলোকচিত্রীসহ কয়েকজন আহত হয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র থেকে তারেক রহমানসহ দলের নেতাদের নাম প্রত্যাহারের দাবিতে বিএনপি এই মিছিল বের করে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মিছিলটি বিজয়নগর রোড ধরে এগিয়ে দিগন্ত টেলিভিশনের কার্যালয়ের কাছে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন যুবক পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে সময় টেলিভিশনের আলোকচিত্রী মঞ্জুরুল আহত হন। বিস্ফোরণে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পায়ে আঘাত পান।আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিএনপি-ছাত্রদল, যুবদলের এই মিছিলটি প্রেসক্লাবের দিকে যাচ্ছিল। বিজয়নগর পানির ট্যাংক পার হয়ে পল্টন মোড়ে পৌঁছতেই হঠাত্ করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভি, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে মিছিলের আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন বলেন, সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে যে ষড়যন্ত্র শুরু করেছে, তা রাজপথে মোকাবিলা করা হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র থেকে তারেক রহমানের নাম বাদ না দিলে ৪৮ ঘণ্টা নয় বরং লাগাতার হরতালের ঘোষণা দেওয়া হবে বলে সরকারকে সাবধান করে দেন তিনি।