ঢাকায় বিএনপির মিছিলে লাঠিপেটা, ১৩ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির শেষে থাকবে মার্চে ঢাকায় ‘মহাসমাবেশ’। ওই সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।গতকাল বৃহস্পতিবার মুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামবদল, বিএনপির ওপর ‘হামলা-মামলা’ ও খালেদা জিয়ার নিরাপত্তার দাবিতে সারা দেশে গতকাল এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বেশির ভাগ জেলায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নারায়ণগঞ্জে পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়।সমাবেশ শেষে মুক্তাঙ্গন থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার পথে মিছিলে অংশ নেওয়া কর্মীরা গাড়ি ভাঙচুর এবং পুলিশের একটি জিপে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হন। বিএনপি দাবি করেছে, শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।কর্মী-পুলিশ সংঘর্ষের পর তাত্ক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল একে পুলিশের পরিকল্পিত আক্রমণ আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।অন্যদিকে পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে, মিছিলকারীরা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করছিল। এ জন্য লাঠিপেটা করা হয়। সমাবেশে মাসব্যাপী কর্মসূচি: মির্জা ফখরুল বলেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া, খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, হত্যা-নির্যাতন এবং ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হলো।মির্জা ফখরুল জানান, ২৩ ফেব্রুয়ারি উপজেলা, জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। ২৪ ফেব্রুয়ারি থেকে সারা দেশে চলবে গণসংযোগ। ছয় বিভাগীয় শহরে সমাবেশ হবে এই সময়ের মধ্যে। মার্চে ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। পল্টনের ওই মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী কর্মসূচি ও করণীয় ঘোষণা করবেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে একত্র করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই।’স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, ‘বিএনপি সরকারকে এক বছর সময় দিয়েছে। কিন্তু সরকারের অপকর্মের তালিকা ক্রমেই বড় হচ্ছে। তাই আর সময় দেওয়া যায় না।’সাদেক হোসেন খোকার দায়িত্বে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত কোনো কর্মসূচিতে বেশ কিছুদিন মির্জা আব্বাস ও তাঁর সমর্থকদের দেখা না গেলেও গতকালের কর্মসূচিতে মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের হামলা: চাঁপাইনবাবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির মিছিলে হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তাঁরা বিএনপির সাবেক সাংসদ হারুনুর রশিদের বাড়িতেও ইটপাটকেল ছোড়েন। এতে নির্মূল কমিটি আহ্বায়ক রফিক হাসানসহ সাতজন আহত হয়েছেন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের দাবি, বিএনপির মিছিল থেকে তাঁদের ওপর আক্রমণ চালানো হলে ছাত্রলীগের কর্মীরা পাল্টা আক্রমণ করেন। রাজশাহীতে সমাবেশস্থলে ককটেল: রাজশাহীতে সাহেববাজার জিরো পয়েন্টের সমাবেশস্থলের পাশ থেকে পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে। বিএনপির দাবি, তাদের নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ বলছে, একটি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটে।