আজ রোববার ঢাকা মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভক্তির প্রতিবাদে দলটি এ হরতালের ডাক দেয়।হরতাল সফল করতে বিএনপি নানা প্রস্তুতি নিয়েছে। দলটি হরতালের সমর্থনে গতকাল শনিবার সূত্রাপুর, তেজগাঁও, শ্যামপুর, কদমতলী, খিলগাঁও, গেন্ডারিয়া, মোহাম্মদপুর, মতিঝিল, পল্লবী, শাহবাগ ও রমনা থানার বিভিন্ন ওয়ার্ডে মিছিল ও সমাবেশ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানীর পল্টন এলাকায় প্রচারপত্র বিলি করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকতউল্লা, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানিয়েছে, হরতালের সময় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করবেন। প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করার জন্য বলা হয়েছে। এ ছাড়া রাজধানীর শাহবাগ, কাকরাইল, মহাখালী, সায়েন্স ল্যাবরেটরি, গাবতলী ও মিরপুর এলাকায় হরতাল সমর্থনকারীদের অবস্থান নেওয়া কথা আছে। বিএনপির ডাকা এই হরতালের সমর্থনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) গতকাল নানা কর্মসূচি পালন করেছে। চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিসও হরতালে সমর্থন দিয়েছে।পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হরতালে যেকোনো ধরনের নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এ জন্য তারা একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের সময় এবং এর আগে দুষ্কৃতকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক তৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে পারে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিয়ন্ত্রণ কক্ষে (কন্ট্রোল রুম) যোগাযোগের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরগুলো হলো: ৮৬১৪৩০০, ৯৬৬৫৪০৭, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১২২, ০১১৯১০০১১৩৩। ডিবির নিয়ন্ত্রণ কক্ষ: ৯৩৪১৪৯৩, ০১১৯১০০১১০০, ০১১৯১০০১১১১, ০১৬৭৮০২৪৬৫২।সরকার সমর্থক ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ গতকাল এক বিবৃতিতে হরতালে মহানগরে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।