ঢাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে
কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা দফায় দফায় মিছিল করছে। রাজধানীতে গাড়ি চলাচল অপেক্ষাকৃত কম এবং দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ বিভিন্ন জায়গা থেকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে। যাত্রাবাড়ী: যাত্রাবাড়ীতে আজ রোববার সকালের দিকে গাড়ি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিউম্যান হলার ও ঢাকার অভ্যন্তরীণ বিভিন্ন রুটের গাড়ির চাপ বাড়তে দেখা যায়। একই সঙ্গে নরসিংদীর কিছু লোকাল বাসকে যাত্রাবাড়ী থেকে ছেড়ে যেতে দেখা গেছে। রাতের দূরপাল্লার গাড়িগুলোও সকাল থেকে ঢাকায় ঢুকছে। বর্তমানে যাত্রাবাড়ীতে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে । পুরান ঢাকা: পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় ন্যাশনাল মেডিকেল হাসপাতালের পাশের গলিতে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে ছাত্রদলের পিকেটাররা। খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা সেখানে হাজির হয়ে ছাত্রদলের কর্মীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছাত্রদলের কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সকালের দিকে ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে পুলিশ ছাত্রদলের চার কর্মীকে আটক করে। পুরান ঢাকার অন্যান্য এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। এখানে অল্প কিছু বাস ও সিএসজিচালিত অটোরিকশা চলাচল করছে। পুরান ঢাকার বাবুবাজার, নয়াবাজার, তাঁতীবাজার ও সদরঘাট এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা দোকানের সামনে অবস্থান নিলেও দোকান খোলেননি। পুরান ঢাকার মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে নয়াবাজারে ঢাকার বাইরে থেকে গরুবাহী ট্রাক ঢুকতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়: হরতাল প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে সকাল থেকে পাহারা বসিয়েছে ছাত্রলীগের কর্মীরা। নীলক্ষেত, শাহবাগ ও পলাশী মোড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের কর্মীদের দল বেঁধে অবস্থান নিতে দেখা গেছে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতাদের মোটরসাইকেলে করে ঘুরে ঘুরে পাহারা-ব্যবস্থা পর্যবেক্ষণ করতে দেখা গেছে। এ ছাড়া হরতালের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এদিকে সকালের দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় হরতালবিরোধী মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলটি শাহবাগ মোড় পর্যন্ত এসে আবার ক্যাম্পাসে ফিরে যায়। মিছিল থেকে বিএনপি আহূত হরতালের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। প্রেসক্লাব: সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি-সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হতে থাকে। পরে বেলা সোয়া ১১টার দিকে আাাইনজীবী রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরীসহ ২৫-৩০ জন আইনজীবী স্লোগানসহ মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যান।প্রেসক্লাবের সামনে রফিকুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে প্রধান বিচারপতি ও আন্তবাহিনীকে ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনীকে দিয়ে কেন এটা করা হলো সরকারের কাছে জাতি তা জানতে চায়। এ পর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং জল কামান থেকে পানি নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। আইনজীবী কায়সার কামাল পুলিশের হয়রানির শিকার হন বলে দাবি করেছেন। পরে তাঁরা আবার জড়ো হয়ে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে আসতে চাইলে আবারও পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় আইনজীবীরা ফটকের সামনে বসে পড়েন। পুলিশ আবারও তাঁদের লাঠিপেটা করে। বর্তমানে আইনজীবীরা ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে।রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নুরুল ইসলাম বলেন, ‘তাঁরা প্রেসক্লাবের সামনে বেআইনিভাবে রাস্তা অবরোধ করছিল। তাঁদের অনুরোধ করা হলেও তাঁরা রাস্তা থেকে সরে যাননি। পরে আমরা জল কামান ব্যবহার করতে বাধ্য হই।’ শ্যামপুর: শ্যামপুরের দোলাইরপাড় এলাকায় দুপুর ১২টার দিকে আচমকা কয়েকজন বিএনপির নেতা-কর্মী এসে পুলিশের গাড়ি ভাঙচুর করে। তারা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়ির সামনের কাঁচ ভাঙে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। শ্যামপুর থানার অপারেশন কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, এই নেতা-কর্মীরা সাবেক সাংসদ সালাহউদ্দিনের সমর্থক।