ঢাকায় বিদেশিরা সতর্ক, বন্ধ আন্তর্জাতিক সংস্থাগুলো
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত বিদেশীদের সতর্ক করে দিয়েছে কয়েকটি দেশের সংশ্লিষ্ট সংস্থা। এছাড়া ঢাকার আন্তর্জাতিক এনজিও, জাতিসংঘের সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যালয়গুলো আজ সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে।যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ অফিসের সরকারি ওয়েবসাইটে বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত অধ্যায়ে বলা হয়েছে, ১২মার্চ ঢাকায় বিরোধী দলের কর্মসূচি রয়েছে। এটা যে কোনও সময়ই সহিংস হয়ে উঠতে পারে। বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তা বন্ধসহ অনেক কিছুই হতে পারে। গত কয়েকমাসের হরতালগুলো ছিল অনেক সহিংস, এরপরে আরও হরতাল ডাকা হতে পারে। যুক্তরাজ্যের নাগরিকদের সবরকম রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকতে বলা হয়েছে।কানাডার ফরেন এ্যাফেয়ার্স এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ওয়েবসাইটের বাংলাদেশ ভ্রমণ সংক্রান্ত পাতায় বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচিগুলো যে কোনও সময় সহিংস হয়ে উঠতে পারে। রাস্তা বন্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিতে পারে। এদেশে ভ্রমণরত কানাডার নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।এদিকে ১২ মার্চকে কেন্দ্র করে ঢাকার আন্তর্জাতিক ও বহুজাতিক সংস্থাগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন এগুলোর কয়েকজন কর্মী। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একজন কর্মকর্তা জানান, সোমবার তাঁদের অফিস যেতে মানা করা হয়েছে। ঘরে বসেই কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান বাংলাদেশের একজন কর্মকর্তা জানান, তাঁদেরও ঘরে বসে করার মতো কাজগুলো করতে বলা হয়েছে।হেলপএজ ইন্টারন্যাশনালের একজন কর্মকর্তা বলেন, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার তাঁদের বন্ধ দেওয়া হয়েছে। রোববারও তাঁদের অফিস যাওয়ার বিষয়ে বিধি নিষেধ ছিল না।