ঢাকায় বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ বন্ধের নোটিশ প্রত্যাহার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ বন্ধের দেওয়া নোটিশ গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। ফলে দেশি-বিদেশি সব উড়োজাহাজ ঢাকার এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বাভাবিক নিয়মে জ্বালানি তেল নিতে পারবে। আজ শনিবার থেকে বিদেশি উড়োজাহাজকে জ্বালানি সরবরাহ বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছিল।জানা গেছে, তেল সরবরাহকারী সংস্থা পদ্মা অয়েল কোম্পানির গোদনাইল ডিপোতে গতকাল সকালে তেলবাহী জাহাজ (ট্যাংকার) থেকে বিমানের জ্বালানি ‘জেট ফুয়েল’ খালাস শুরুর পরিপ্রেক্ষিতে নোটিশ প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়। গোদনাইল থেকে বিশেষ ধরনের ট্যাংক লরিতে করে জেট ফুয়েল ঢাকার কুর্মিটোলায় জরুরি পেট্রোলিয়াম ডিপোতে এনে মজুদ রাখা হয়। পরে সেখান থেকে বিমানবন্দরের উড়োজাহাজে সরবরাহ করা হয়।পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এ খায়ের নোটিশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নৌশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় গোদনাইল ডিপোতে জেট ফুয়েল খালাস শুরু হয়েছে। এখন আর সমস্যা নেই।সূত্রমতে, নৌশ্রমিকদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে গত সোমবার মধ্যরাত থেকে গোদনাইল ডিপোর ঘাটে নোঙর করা তিনটি ট্যাংকার থেকে দুই হাজার ৭০০ মেট্রিক টন জেট ফুয়েল খালাস বন্ধ হয়ে যায়। এই তেল ঢাকায় নিয়ে বিমানবন্দরের উড়োজাহাজে সরবরাহ করা হয়।টানা তিন দিনের নৌশ্রমিক ধর্মঘটের কারণে কুর্মিটোলার জরুরি ডিপো এবং গোদনাইল ডিপোতে জেট ফুয়েলের মজুদ প্রায় নিঃশেষ হয়ে আসে। এরই পরিপ্রেক্ষিতে পদ্মা অয়েল কোম্পানির চিঠির সূত্র ধরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা আগে গত বৃস্পতিবার দুপুরে বিদেশি উড়োজাহাজে তেল সরবরাহ বন্ধের নোটিশ জারি করে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আমদানি করা জেট ফুয়েল একমাত্র পদ্মা অয়েল কোম্পানি বিপণন করে থাকে।