ঢাকায় ভুটানের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক রানি গিয়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুকসহ আজ বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। দুপুর সোয়া ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় ভুটানের রাজদম্পতিকে হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। ছয় দিনের বাংলাদেশ সফরের সময় তাঁরা এ হোটেলে থাকবেন। সফরের প্রথম দিন বিকেলে দীপু মনি রাজার সঙ্গে তাঁর হোটেলকক্ষে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পাশাপাশি তাঁরা আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠারও তাগিদ দেন। পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সমর্থনের জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া ভুটানের গণতান্ত্রিক যাত্রার প্রতি শুভকামনা জানান তিনি। খসড়া সফরসূচি: ছয় দিনের সফরের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার সকালে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে যাবেন ভুটানের রাজা ও রানি। সেখানে তাঁরা প্রার্থনায় যোগ দেবেন। সন্ধ্যায় স্ত্রী পেমাকে নিয়ে গণভবনে যাবেন তিনি। সেখানে প্রথমে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। পরে তাঁদের সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন। আগামী শনিবার নৌবিহারে যাওয়ার কথা রয়েছে রাজদম্পতির। পরের দিন রোববার সাভারে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শাইনপুকুর সিরামিক ইন্ডাস্ট্রিজ, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড), ইয়াংওয়ান গার্মেন্টস কারখানা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস পরিদর্শনের কথা রয়েছে তাঁদের। একই দিন সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে ভুটানের রাজার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে ঢাকার ভুটান দূতাবাস। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন রাজা ও রানি। পরের দিন মঙ্গলবার সকালে তাঁদের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।