ঢাকায় ভূমির সুরজিৎ
ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ভূমির শিল্পী সুরজিৎ এসেছেন বাংলাদেশে। চ্যানেল আই ও ইটিভি বাংলার জন্য তৈরি হচ্ছে বড় ধারাবাহিক রোশনি। এ ধারাবাহিকের গানের সুর, সংগীত পরিচালনা এবং আবহ সংগীত তৈরি করছেন সুরজিৎ। এ ধারাবাহিকের শিরোনাম গানে কণ্ঠ দিচ্ছেন জেমস ও শান। শান এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন। জানা গেছে, আজ বুধবার বিকেলে গানে জেমসের কণ্ঠ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুরজিৎ জানান, ধারাবাহিকে গান থাকবে ১০টি। এ গানগুলো নিয়ে শিগগির বের হবে অডিও অ্যালবাম। এখানে আরও কণ্ঠ দেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ঝিলিক প্রমুখ। ১৯ মার্চ ঢাকায় এসেছেন সুরজিৎ। রূপক সাহার উপন্যাস থেকে ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন সুদীপ পাল, পরিচালনা করছেন হরনাথ চক্রবর্তী। সুরজিৎ বলেন, ‘আমি অনেক দিন থেকেই চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনা করছি। ইদানীং করেছি ইচ্ছে, হ্যালো মেমসাহেব ও হাঁদা-ভোদা। অনেকগুলো সিরিয়ালেরও কাজ করছি। এবারই প্রথম আমার সুর করা গানে বাংলাদেশের শিল্পী কণ্ঠ দিচ্ছেন।’