ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু ৪ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার তালিকা হালনাগাদের কাজ আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এদিন থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ করবেন।আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা জানান। নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ভোটারদের ছবি তোলার কাজ শুরু হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, ভোটার তালিকার কাজ করার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন সুপারভাইজার এবং ২৫৫ জন তথ্য সংগ্রহকারী অংশ নেবেন। আরও জানা যায়, শুরুতে ঢাকা উত্তরের ১ নম্বর ওয়ার্ড (উত্তরা) এবং দক্ষিণের ৭ নম্বর ওয়ার্ডে (সবুজবাগ) হালনাগাদের কাজ শুরু হবে। হালনাগাদের কাজ এগিয়ে আনা প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, ঢাকার দুই সিটি এলাকা বেশ বড়। সেই বিবেচনায় কমিশন এখানে নির্ধারিত সময়ের আগেই হালনাগাদের কাজ শুরু করছে।