ঢাকায় মরদেহ নিয়ে বিক্ষোভ, দাফন গ্রামে
ঢাকা ও বগুড়ার শেরপুরে চার দফায় জানাজা শেষে গতকাল শনিবার রাতে নিজ গ্রামে আইনজীবী এম ইউ আহমেদকে দাফন করা হয়েছে।এর আগে গতকাল সকালে বারডেমের হিমঘর থেকে এম ইউ আহমেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে ময়নাতদন্ত করায় পুলিশ।এদিকে পরিবারকে না জানিয়ে লাশের ময়নাতদন্ত করার প্রতিবাদে বিএনপি-সমর্থক আইনজীবীরা বিক্ষোভ করেন।এম ইউ আহমেদের স্ত্রী সেলিনা আহমেদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত না করে লাশ দাফনের জন্য তিনি আবেদন করেন। তিনি পুলিশের অনুমতি নিয়ে স্বামীর লাশ শুক্রবার বারডেমের হিমঘরে রাখেন। গতকাল সকাল ১০টায় তিনি বারডেমে গিয়ে শোনেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ‘লাশ চুরি করে পুলিশ ময়নাতদন্ত করেছে।’শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, এম ইউ আহমেদের পরিবার ময়নাতদন্ত না করার জন্য আবেদন করলেও উদ্ভূত পরিস্থিতিতে তদন্তের স্বার্থে ময়নাতদন্ত করা হয়।মর্গ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টায় পুলিশ মরদেহ মর্গে নিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদের উপস্থিতিতে শেরেবাংলা নগর থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদুর রহমানের নেতৃত্বে পাঁচজন ফরেনসিক বিশেষজ্ঞ ময়নাতদন্ত করেন।আইনজীবীদের বিক্ষোভ: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এম ইউ আহমেদের জানাজায় অংশ নিতে সকাল থেকেই আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসতে শুরু করেন। সকাল সোয়া ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ শুরু করেন বিএনপি-সমর্থক আইনজীবীরা।পৌনে ১১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া এসে বলেন, এম ইউ আহমেদের লাশ বারডেমের হিমঘরে ছিল। সকাল নয়টায় লাশ সুপ্রিম কোর্টে আনার কথা। কিন্তু অনুমতি ছাড়াই তা অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাঁর নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেন এবং প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন।বিক্ষোভে রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, লাশ নিয়ে যাওয়া হয়েছে সরকারের মনমতো ময়নাতদন্ত করার জন্য, যাতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া যায়।তদন্ত দাবি: বিক্ষোভ চলাকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, এম ইউ আহমেদের ওপর নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা দাবি করছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক নিয়ম অনুযায়ী এর তদন্ত করবেন। তা ছাড়া এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।’মিজানুর রহমান আরও বলেন, ‘একজন আইনজীবী যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় দাঁড়াবে?’ তাঁর মতে, কোনো ব্যক্তির যদি নির্যাতনের কারণে মৃত্যু হয়, তাহলে তা উদ্বেগের। আর তা যদি হয় পুলিশ হেফাজতে, তা হবে আরও উদ্বেগের।প্রথম জানাজা: ময়নাতদন্ত শেষে লাশ সুপ্রিম কোর্ট চত্বরে আনা হলে সেখানে দুপুর সোয়া ১২টার দিকে প্রথম জানাজা হয়। জানাজায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি আবদুল ওয়াহহ্াব মিঞা ও সৈয়দ মাহমুদ হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।বিচার দাবি: জানাজার আগে এম ইউ আহমেদের ভাগনে আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা এ হত্যার বিচার চাই।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘গণতন্ত্র রক্ষার আন্দোলনে আইনজীবীদের মধ্যে এম ইউ আহমেদ প্রথম শহীদ। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২৬ আগস্ট কালো দিবস হিসেবে পালন করা হবে। দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার আন্দোলনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আইনজীবীরা দেখিয়ে দেবে, তারা কাউকে ভয় পায় না।’জানাজার পর বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এম ইউ আহমেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।প্রধান বিচারপতির বাসার সামনে অবস্থান: প্রথম জানাজা শেষে কফিনসহ শোক মিছিল নিয়ে শতাধিক আইনজীবী হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনের মূল ফটকে যান। সেখানে এম ইউ আহমেদের লাশ নিয়ে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন তাঁরা।এ সময় খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা প্রধান বিচারপতির বাসার সামনে অবস্থান কর্মসূচি করছি। সুপ্রিম কোর্টের কতিপয় বিচারপতি শপথের বাইরে গিয়ে রাগ-বিরাগের বশবর্তী হয়ে কাজ করছেন। আমরা জামিন চেয়েছিলাম, কিন্তু আদালত জামিন দেননি। জামিন দেওয়া হলে এম ইউ আহমেদের পুলিশের নির্যাতনে মৃত্যু হতো না।’রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘প্রধান বিচারপতি যদি বিচার না করেন, তবে আমরা আল্লাহর কাছে এর বিচার চাই।’সংক্ষিপ্ত বক্তৃতা শেষে এম ইউ আহমেদের লাশ অ্যাম্বুলেন্সে করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়।দ্বিতীয় দফা জানাজা ও বিএনপির বিক্ষোভ: দুপুর একটার দিকে বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয় দফা জানাজা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।জানাজার পর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।এর আগে কালো ব্যাজ পরে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হন বিএনপির নেতা-কর্মীরা। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে তাঁরা এম ইউ আহমেদের হত্যাকারীদের বিচার দাবি করেন এবং সরকাবিরোধী স্লোগান দেন।এরপর এম ইউ আহমেদের লাশ বগুড়ার শেরপুরে নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।নিজ গ্রামে দাফন: প্রথম আলোর শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা সাতটা ২০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির কার্যালয় সামনে এম ইউ আহমেদের মরদেহ পৌঁছায়। সেখানে বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করে। রাত পৌনে আটটায় শেরপুর বাস টার্মিনাল চত্বরে তৃতীয় দফা জানাজা শেষে আবার বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি।রাত আটটায় এম ইউ আহমেদের মরদেহ নিজ গ্রাম বোয়ালকান্দি গ্রামে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ১০টায় চতুর্থ দফা জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।হাইকোর্টে হট্টগোলের ঘটনায় পুলিশের করা মামলায় গত ১১ আগস্ট গ্রেপ্তার হন বিএনপি-সমর্থক আইনজীবী এম ইউ আহমেদ। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁর স্ত্রী ও বিএনপির অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনের কারণে এম ইউ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এ কারণেই তিনি মারা গেছেন।