ঢাকায় মুক্তি পাচ্ছে ‘রানওয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত নির্মাতা তারেক মাসুদের সর্বশেষ কাহিনিচিত্র রানওয়ে ঢাকায় মুক্তি পাচ্ছে আগামী বছর ১০ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ছবিটির তিনটি করে প্রদর্শনী হবে। সঙ্গে থাকবে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর। গতকাল রোববার ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট প্রসূন রহমান এই তথ্য জানান। এরই মধ্যে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ১২ দিনের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে।প্রত্যেক নির্মাতাই সাধারণত তাদের ছবি ঢাকায় মুক্তি দেন। পরে বিভিন্ন জেলায় তা প্রদর্শনের উদ্যোগ নেন। কিন্তু তারেক মাসুদ ছবিটি প্রথম মুক্তি দেন চট্টগ্রামে—থিয়েটার ইনস্টিটিউটে, ২০১০ সালের ১৬ ডিসেম্বর। এরপর দেশের বিভিন্ন জেলায় ছবিটির প্রদর্শনীর আয়োজন করেন তিনি। ওই সময় প্রথম আলোর কাছে তারেক মাসুদ মন্তব্য করেছিলেন, ‘আমি উল্টোপথে যাত্রা শুরু করেছি।’এ পর্যন্ত ১৮টি জেলার ৪০টি স্থানে রানওয়ের প্রদর্শনী হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ছবিটির উন্মুক্ত প্রদর্শনী হয়েছে মাদারীপুরে— স্বাধীনতা অঙ্গনে। গত আগস্টে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ।