ঢাকায় মেসি নামের বিস্ময়
সীমান্তের ওপারেই রয়েছে আর্জেন্টিনা দল। কলকাতায়। বিমানে উড়াল দিলে ঢাকায় পৌঁছাতে লাগে ৪৫-৫০ মিনিট। ঢাকা থেকে কক্সবাজার যেতেও এর চেয়ে কয়েক মিনিট বেশি লাগে। আগামীকাল সকালেই এসে যাবে আকাশি-নীল-সাদা জার্সির ফুটবল জাদুকরেরা। স্প্যানিশ ভাষায় আলবিসেলেস্তি। ইস্্, অসহ্য উত্তেজনা হচ্ছে! কখন আসবে আর্জেন্টিনা দল? থুড়ি কখন আসবে নিওনেল মেসির দল? মেসির দল নয় তো কী? দুবারের বিশ্বসেরা ফুটবলার কোনো দলে থাকলে তাঁর নামেই সেই দলের নাম হয়ে যায়। যেমন ছিল ডিয়েগো ম্যারাডোনার নাম। ম্যারাডোনার আর্জেন্টিনা বলা উচিত, না আর্জেন্টিনার ম্যারাডোনা—এ নিয়ে কেমন যেন বিভ্রম জাগত! আর আর্জেন্টিনার এই দলকে কেন মেসির দল বলা হবে না? বার্সেলোনায় মেসি নামের ছোটখাটো ফুটবলারটি তাঁর ১৮ বছর বয়স থেকে জাদুর বাক্স খুলে দিয়ে এই ২৪ বছর বয়সে যেমন পুরোপুরি হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে গেছেন, তাতে আর কারও নাম চোখে পড়ে না। সে যতই হিগুয়েইন বা ডি মারিয়ার মতো খেলোয়াড় পাশে থাকুন। ও, হ্যাঁ, মাচেরানো নামে আরেকজনও আছেন। যিনি আবার মেসির ক্লাব বার্সেলোনা সতীর্থ, রক্ষণ থেকে মাঝমাঠ অবধি পেপ গার্দিওলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পরশু কলকাতায় ভেনেজুয়েলা ম্যাচটার আগ পর্যন্ত অধিনায়কের আর্মব্যান্ডই ছিল যাঁর হাতে। কিন্তু মেসি-গ্রহণে এঁরা সবাই লুকিয়ে থাকেন। মেসি, মেসি এবং মেসি। মেসি এখন এই গ্রহে সর্বাধিক উচ্চারিত কয়েকটি নামের একটি। দেখুন না, ঢাকায় আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসে প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দেখবে, সেই ম্যাচের নাম হয়ে গেছে মেসিদের ম্যাচ। আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার ‘সুপার ঈগল’ নাইজেরিয়া। বিশ্ব ফুটবলে মোটেও এলে-বেলে দল নয়। এই আর্জেন্টিনাকেই নিজেদের মাঠে তিন মাস আগে নাকানি-চুবানি খাইয়েছে যে দলটি, সেই নাইজেরিয়ারই নাম নেই। গোটা ফুটবল বিশ্বই যখন মেসি জাদুতে মন্ত্রমুগ্ধ, সেখানে বাংলাদেশ কোন ছার! এক ক্রীড়া সাংবাদিক বন্ধু সেদিন জোর গলায় বললেন, আগামী কয়েক মাসের মধ্যে পৃথিবীর আলো দেখার অপেক্ষায় থাকা তাঁর সন্তানটি যদি ছেলে হয়, নাম রাখবেন মেসি। বিশ্বাস করতে ইচ্ছে করে, আবার করেও না। যাঁর বিভায় এই বাংলাদেশটা আর্জেন্টিনার ফুটবল উপনিবেশ হয়ে গেছে, সেই ম্যারাডোনার নামে যখন কোনো বাবা-মা তাঁদের পুত্রসন্তানের নাম রেখেছেন জানা নেই, কী করে মেসির নামে কোনো শিশু এ দেশে বেড়ে উঠবে? বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না মেসিদের ম্যাচের টিকিট বিক্রির হার দেখে। সেই এপ্রিল মাসে ঠিক হয়েছে আর্জেন্টিনা নাইজেরিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশে। বিশ্ব মিডিয়া অবাক, বাংলাদেশে এমন উঁচু মানের একটা ম্যাচ! তাদের চোখে বাংলাদেশ এক কিউরিয়াস ভেন্যু, বড় কৌতূহলোদ্দীপক ভেন্যু। বিশ্ব ফুটবল মানচিত্রে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয় যে দেশটিকে, সে দেশ সম্পর্কে এমনটা তো বলা হতেই পারে। মনে পড়ে, ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপ কভার করার অজস্র অভিজ্ঞতা। বহু চেষ্টা-চরিত্র করে সিউলের অলিম্পিক স্টেডিয়ামে অনুশীলন করতে যাওয়া ব্রাজিলের মহাতারকা রোনালদোর সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলাম। ঝড়-বৃষ্টির দুপুরে রোনালদোর প্রথম কথা ছিল, তুমি কোন দেশের সাংবাদিক? ‘বাংলাদেশ’ শুনে রোনালদোর ভ্রু কুঁচকে গেল। পরে শুধোলেন, দেশটা কি চীন আর মঙ্গোলিয়ার পাশে? হায় রে কপাল? বাংলাদেশটা কোথায় এটা বোঝাতেই বরাদ্দ পাওয়া সময়ের অনেকটা ব্যয় হয়ে গেল।আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক ম্যারাডোনার গুরু কার্লোস বিলার্ডো ওই বিশ্বকাপে গিয়েছিলেন একজন টিভি পণ্ডিত হিসেবে। টিভি পণ্ডিত মানে মিডিয়ার লোক। কয়েকবার মিডিয়া বাসে পাশাপাশি সিটে বসার সৌভাগ্য হয়েছে। ফুটবল নিয়ে অনেক কথা বলাবলি করেছি। একদিন বিলার্ডো জিজ্ঞেস করলেন, তুমি কোন দেশের? ‘বাংলাদেশ’ নামটা শুনে বিড়বিড় করতে থাকেন এল নারিগন, দেশটা কোথায়, দেশটা কোথায়... প্যাসিফিকে (প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে)? যা-ই হোক, বিলার্ডো একখানা ভিজিটিং কার্ড দিয়ে বললেন, তোমার দেশের ফুটবল ফেডারেশনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বোলো। চাকরিহীন বিলার্ডো কি বাংলাদেশের কোচ হতে চেয়েছিলেন? আজও নিজের কাছে উত্তর মেলেনি। হতে পারে, বাংলাদেশ ফুটবলের কোন গ্রহে অবস্থান করছে, তার একটু ধারণা নিতে চেয়েছিলেন। মেসিরা অন্য গ্রহের ফুটবল খেলে, বাংলাদেশও তো এক অর্থে তা-ই। তবে এত দিন বাংলাদেশি হিসেবে সাধারণ ধারণাটা ছিল, আমরা বিশ্ব ফুটবলের অনেক বড় সমঝদার। বিশ্বকাপের সময় এ দেশের ঘরে ঘরে আর্জেন্টিনা-ব্রাজিলের যত পতাকা ওড়ে, সেই পতাকার কাপড় দিয়ে আইলা-সিডর উপদ্রুত লাখো লাখো নিরাশ্রয় মানুষের আচ্ছাদনের ব্যবস্থা করা যায়। সুতরাং বিশ্বসেরা ফুটবলার মেসি আসায় দেশের মানুষ নিশ্চিতই জটিল কোনো জ্বর বাধিয়ে ফেলবে। কোথায় কী! ২৪ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের অর্ধেক টিকিট মেসিদের আসার দুই দিন আগেও অবিক্রীত। বেশ কিছুদিন হলো বাফুফের শীর্ষ কয়েক কর্মকর্তার চোখ থেকে ঘুম পালিয়েছে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে ধরনা দিতে হচ্ছে টিকিট কিনুন, টিকিট কিনুন! টিকিট যাতে বিকোয় আর স্টেডিয়াম যাতে ম্যাচের দিন ফাঁকা না থাকে, সে জন্য ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রীর সাহায্য চাওয়া হবে কি না ভাবা হচ্ছে। উপার্জনক্ষম যে তরুণ মেসির ম্যাচ দেখে রাত শেষ করে দেয়, পরদিন ঢুলতে ঢুলতে অফিসে আসে, মেসির খেলা স্বচক্ষে মাঠে বসে দেখার আগ্রহ তার নেই। আর্জেন্টিনার নামে যে মধ্যবয়সী ফুটবলভক্ত নিঃশ্বাস ফেলে, তাকে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঐতিহাসিক ম্যাচ টানে না। সাড়ে সাত হাজার টাকা দামের টিকিট এদের কাছে নাগালের বাইরে চলে যায়। আসলে হুজুগে বাঙালির ফুটবলপ্রেম বড্ড মেকি। মেসিদের ম্যাচ বাংলাদেশে হবে, এটা শোনার পর যা ভাবা হয়েছিল, সব ভুল ভাবা হয়েছিল। এ দেশে সাদ্দাম নামের শিশুরা বেড়ে ওঠে, ভুট্টো নামেরও, কিন্তু ম্যারাডোনা-মেসি নামের কাউকে পাওয়া যায় না, হয়তো পাওয়া যাবেও না। অথচ বলা হবে, এ দেশ ফুটবলপ্রিয় জাতি। উদাহরণ হিসেবে সব সময়ই উঠে আসবে বিশ্বকাপের সময়কার অযুত-লক্ষ পতাকার ওড়াউড়ি। বিস্ময়, চির বিস্ময়!মেসিও এই দেশে পা দেওয়ার পর থেকে কেবলই বিস্মিত হবেন। বিস্ময় নিয়েই এসেছেন ফুটবলের ‘বিস্ময় বালক’, যখন শুনেছেন ম্যারাডোনার ’৯৪ বিশ্বকাপে ডোপ পরীক্ষায় ধরা পড়ে বহিষ্কার হওয়ার খবরে আত্মঘাতী হয় কোনো বাংলাদেশি যুবক। বিস্মিত হবেন যানজট দেখে; রাস্তায় পিল পিল করে চলা মানুষের সারি দেখার পর ছোট স্টেডিয়ামের এদিকে-ওদিকে অনেক ন্যাড়া জায়গা দেখে। বিস্মিত হবেন মোটা ঘাসের নিচে জমে থাকা কাদায় পা ফেলে। ১০ মিনিটের আকস্মিক বৃষ্টিতে পানি জমে গেলে স্টেডিয়ামে প্রস্তর যুগের নিকাশী ব্যবস্থা দেখে (ঈশ্বর সহায় হোন, বৃষ্টি যেন আর না হয়)। বিস্মিত হবেন স্টেডিয়ামে হাজার হাজার বিপণিবিতান দেখে। বিস্মিত হবেন আর চিরকালের লাজুক চোখে শিশুর মতো কৌতূহল নিয়ে তাকাবেন ইতিউতি। অথচ আমরা দেখব মাঠের সবুজে তাঁর পায়ের আঁকা বিস্ময়। বলকে চুম্বকের মতো পায়ের চেটোয় আটকে সর্পিল দৌড়। বাঁধ ভাঙা দুর্দমনীয় গতি। জাদুকরি কিছু মুহূর্ত। পিসি সরকার কিংবা জুয়েল আইচের মায়াবী বিভ্রমও তাঁর কাছে নস্যি। এই নাইজেরিয়ার সঙ্গে তাঁর কিছু হিসাবও আছে বুঝে নেওয়ার। এরাই গত ১ জুন আবুজার প্রীতি ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে তাঁর দলকে। নাইজেরিয়ার এই গোলরক্ষক ভিনসেন্ট এনিইয়ামাই এলিস পার্কের সেই হাড় কাঁপানো শীতের রাতে তাঁকে অন্তত তিনবার গোল-বঞ্চিত করেছেন। না হলে নামের পাশে ৪৭ গোল লিখেও বিশ্বকাপে গিয়ে গোলবঞ্চিত থাকেন না বার্সার বর্শা। কিন্তু গোল কি পাবেন মেসি? আর্জেন্টিনার জার্সি গায়ে সেই ফেব্রুয়ারি থেকেই গোলের দেখা পান না। সেই গোলটিও আবার ছিল পেনাল্টি থেকে, পর্তুগালের বিপক্ষে পেনাল্টি থেকে। এর মাঝে কত কিছুই ওলটপালট হয়ে গেল। লা প্লাটা নদীতে কত জল বয়ে গেল। দেশের মাটির কোপা আমেরিকা অভিযান কোয়ার্টার ফাইনালে মুখ থুবড়ে পড়ে আর্জেন্টিনার বড় কোনো শিরোপার অপেক্ষার প্রহর বেড়ে হলো দেড় যুগ, মেসি বার্সেলোনার মেসি হয়ে থাকলেন। আর্জেন্টিনার হতে পারলেন না।নিজেকেই তো নিরন্তর বিস্ময় উপহার দিয়ে চলেছেন মেসি। কে জানে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম তাঁকে বার্সেলোনার গোলের স্রোতে নিয়ে ফেলবে না! আর তা যদি হয়, আগামী ২০১৪ বিশ্বকাপে যখন মারাকানা স্টেডিয়ামে বিশ্বের সবচেয়ে দামি সোনার কাপটা হাতে তুলবেন, ঢাকায় আমাদের আলোকচিত্রীদের তোলা তাঁর গোল-উদ্যাপনের ছবির মধ্যে খুঁজে নেব স্মৃতিগন্ধা অতীত। বলতে পারব, মেসির অন্তর্গত বদলের সাক্ষী আমরাই। আমরাই মেসিকে মেসি এক থেকে মেসি দুইয়ে রূপান্তরিত হতে দেখেছি। যে মেসি বার্সেলোনার, যে মেসি সমানভাবে আর্জেন্টিনার। যে মেসির মধ্যে তাঁর মা সিলিয়া মারিয়া দেখেছিলেন ম্যারাডোনার ছায়া। ম্যারাডোনা নিজেও যে মেসির মধ্যে দেখেছেন তাঁকে!