ঢাকায় যুবলীগের নেতা লাঞ্ছিত, বরিশালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে গত সোমবার রাতে ব্যাপক যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলামকে ঢাকায় লাঞ্ছিত করার প্রতিবাদে যুবলীগের কর্মীরা রাত পৌনে ১২টা থেকে ভোর প্রায় তিনটা পর্যন্ত এই তাণ্ডব চালান বলে জানা গেছে। গতকাল মঙ্গলবারও নগরের সোহেল চত্বরে সমাবেশ ও রাস্তায় পেট্রল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন যুবলীগের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩০টি মোটরসাইকেলে করে যুবলীগের কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালে এসে সেখান থেকে কোনো বাস ছাড়তে নিষেধ করেন। তাঁদের কয়েকজন টার্মিনালের সামনের রাস্তায় টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে তাঁরা যাত্রীবাহী তিনটি বাস, ওষুধ পরিবহনের কাভার্ড ভ্যান, বিভিন্ন ধরনের পণ্য পরবহনকারী আট থেকে ১০টি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালান। এতে কামরুজ্জামান ও মোস্তফা নামের দুইজন বাসযাত্রী আহত হন। নাটোর থেকে চাল নিয়ে আসা একটি ট্রাকের চালক মো. রবিউল জানান, রামদা, হকিস্টিক, লাঠি ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সন্ত্রাসীদের মহড়া দেখে তিনি ট্রাকটি (মেট্রো ট-১৪-৮০৬৭) রাস্তার পাশে থামান। তিনি অভিযোগ করেন, মহড়ায় অংশ নেওয়া লোকজন মোটরসাইকেলে করে চলে যাওয়ার সময় তাঁর ট্রাক লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এতে ট্রাকের সামনের কাচ ভেঙে যায়। নগরের কালুশাহ সড়কে মুক্তিযোদ্ধা শহীদ রহিম সেবা সংঘের নৈশপ্রহরী মো. সোহেল জানান, রাত সোয়া ১২টায় রামদা ও লাঠিসোঁটা নিয়ে অনেক লোক মোটরসাইকেলে করে এসে চেয়ার-টেবিল, টিভি ও ফ্যান ভাঙচুর করে চলে যান। ভোর তিনটার দিকে তাঁরা আবার এসে সেবা সংঘে অগ্নিসংযোগ করেন। তাঁরা কয়েকটি ফাঁকাগুলিও ছোড়েন। ঢাকায় অবস্থানরত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, একটি ঠিকাদারি কাজ নিয়ে সোমবার রাত আটটার দিকে ঢাকায় বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলামের সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলতাফ মাহমুদের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই নিজামুলের নির্দেশে বরিশালে তাণ্ডব চালানো হয়। তবে এ ব্যাপারে আলতাফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।মোয়াজ্জেম হোসেনের ভাবি শাহানা হক অভিযোগ করেন, রাত সাড়ে ১২টার দিকে ৫০-৬০ জনের সশস্ত্র লোক বরিশালে তাঁদের বাড়ির ফটক ও জানালা ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি গুলি ছোড়ে। রাস্তায় পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। জেলা শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব হোসেন জানান, যুবলীগ নামধারী ক্যাডারেরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। শ্রমিকেরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ফাঁকাগুলি ছোড়ে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। লিখিত অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম, আশিক ইকবাল, দীদার, হাবিব শরীফ, বাহারসহ যুবলীগের ৪০-৫০ জন কর্মী নথুল্লাবাদ বাস টার্মিনালে তাণ্ডব চালায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে আগামীকাল বৃহস্পতিবার থেকে বরিশাল থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ারও কথা উল্লেখ করা হয়। নিজামুল ইসলাম বলেন, ‘দীপু (আলতাফ) ও চুন্নু (মোয়াজ্জেম) আমার ওপর হামলা চালিয়েছে। এর প্রতিবাদে সোমবার হয়তো বিচ্ছিন্নভাবে নেতা-কর্মীরা কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’বরিশালের পুলিশ কমিশনার আবদুর রহিম জানান, নথুল্লাবাদে গাড়ি ভাঙচুর ও একটি সেবা সংঘে অগ্নিসংযোগের কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এসব ঘটনা ঘটে। তবে গুলি চালানো ও অস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে উল্লেখ করেন।