ঢাকায় রাই-কৃষ্ণ পদাবলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবেশমুখেই সাজানো প্রদীপ আর ফুল সন্ধ্যাকে করে তুলেছে আনন্দময়। উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে চারদিকে। রাধা আর কৃষ্ণকে দেখার জন্য সবার অধীর অপেক্ষা।গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা সেজেছিল ভিন্ন এক সাজে। দর্শক উপস্থিতিও ছিল যথেষ্ট। এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে নৃত্যাঞ্চলের আয়োজনে ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ অবলম্বনে কবি শেখ হাফিজুর রহমান রচিত গীতিনাট্য রাই-কৃষ্ণ পদাবলীর প্রথম মঞ্চায়ন হলো। এর ভাবনা ও পরিচালনা করেছেন সুকল্যাণ ভট্টাচার্য, গীতিনাট্যে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী শুক্লা, রেজওয়ানা চৌধুরী বন্যা, মনময় ভট্টাচার্য, অন্তরা চৌধুরী প্রমুখ।ভারত ও বাংলাদেশের যৌথ পরিবেশনায় এই গীতিনাট্যর প্রথম মঞ্চায়নের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় ভারতের সংগীতশিল্পী হৈমন্তী শুক্লাকে মঞ্চে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।রাধা ও কৃষ্ণের প্রেম-বিরহের এই গীতিনাট্যে রাধার ভূমিকায় ছিলেন শামীম আরা নীপা ও কৃষ্ণের ভূমিকায় ছিলেন শিবলী মহম্মদ। কীর্তনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। কাহিনির শুরু বৃন্দাবনে, যেখানে বেড়ে উঠেছিলেন রাধা ও কৃষ্ণ। তাঁদের প্রেমও বিকশিত হয়ে উঠেছিল সেখানে। একসময় রাজকার্যের জন্য কৃষ্ণকে মথুরায় যেতে হয়। কৃষ্ণ ছাড়া বৃন্দাবন ফাঁকা। সেই শূন্যতা লাগে রাধা ও তাঁর সখী ও সখাদের মনেও। কৃষ্ণের দেখা না পেয়ে রাধা ব্যাকুল হয়ে পড়েন। কাজ শেষে কৃষ্ণ বৃন্দাবনে এলে সবাই তাঁকে দেরিতে আসার জন্য ভর্ৎসনা করতে থাকেন। কৃষ্ণ সবাইকে বলেন, প্রেম আক্ষরিক অর্থে এত ছোট নয়। এর পরিধি অনেক বড়। আমার জীবনে যে নারীই আসুক না কেন, তার পূজা করা হবে না কিন্তু রাধাকৃষ্ণের যুগল মূর্তি সারা পৃথিবীতে পূজিত হবে। রাধা ও কৃষ্ণের মিলন পুলকিত করে দর্শকদেরও।