ঢাকায় রাতে ৭ তীব্রতার ভূমিকম্পে হতাহত হবে ৯০ হাজার মানুষ
রাজধানী ঢাকায় রাতের বেলায় সাত থেকে সাড়ে সাত তীব্রতার ভূমিকম্প হলে ৯০ হাজার লোক হতাহত হবে। দিনের বেলায় হলে হতাহতের সংখ্যা হবে ৭০ হাজার।জাতীয় সংসদে আজ সোমবার সকালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক সাংসদ শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে এ আশঙ্কার কথা বলেন।মন্ত্রী বলেন, এমন তীব্রতার ভূমিকম্পে প্রায় ৭২ হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। একই সঙ্গে আরও ৮৫ হাজার ভবন মাঝারি ধরনের ক্ষতিগ্রস্ত হবে। শুধু দালান ভাঙার কারণে ক্ষয়ক্ষতি হবে ছয় বিলিয়ন ডলারের সমতুল্য সম্পদ। তিনি বলেন, ঢাকায় আট তীব্রতার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা নেই। তবে ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে সাত থেকে সাড়ে সাত তীব্রতার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা রয়েছে।মন্ত্রী জানান, ঢাকা সিটি করপোরেশন অঞ্চলের তিন লাখ ২৬ হাজার ভবনের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, সাত থেকে সাড়ে সাত তীব্রতার ভূমিকম্প হলে রাজধানীর প্রায় ৭২ হাজার ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।