রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে প্রায় ১০০ কোটি টাকার চিকিৎসা-যন্ত্রপাতি অব্যবহূত অবস্থায় পড়ে আছে, নষ্ট হচ্ছে। দেশের উপজেলা, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজের অকেজো যন্ত্রপাতির হিসাব কারও কাছে নেই। তবে ব্যবহারের চেয়ে যন্ত্রপাতি কেনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম আলোর অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে।গত তিন অর্থবছরের হিসাবে দেখা যায়, প্রতিবছর শতকোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা এক জরিপ বলছে, এসব যন্ত্রপাতির ৫০ শতাংশ ব্যবহূত হয় না। অন্যদিকে জেলা ও উপজেলা হাসপাতালে সরবরাহ করা ৩০ শতাংশ যন্ত্রপাতি প্রতিষ্ঠানে থাকে না।প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, প্রয়োজন না থাকলেও যন্ত্রপাতি কেনে মন্ত্রণালয়। চাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একটি অত্যাধুনিক অস্ত্রোপচার টেবিল (মাল্টিপারপাস অপারেশন টেবিল) পড়ে আছে এক বছরের বেশি। কোটি টাকার বেশি দামের টেবিলটি এখনো বাক্সবন্দী। স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, ওই টেবিলের জন্য তাঁরা কোনো চাহিদাপত্র দেননি। কেন্দ্রীয় ঔষধাগার থেকে টেবিলটি পাঠিয়ে দেওয়া হয়েছে।জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে নয় কোটি টাকা দিয়ে একটি যন্ত্র কেনা হয়েছে গত বছর। সেটি হাসপাতালে পৌঁছানোর আগেই যন্ত্র ব্যবহারের বিশেষ স্থান (বাংকার) তৈরি করার নিয়ম। সরকারের একটি তদন্ত প্রতিবেদন বলছে, পরিচালক মন্ত্রণালয়কে অসত্য তথ্য দিয়ে যন্ত্র এনেছেন। বাক্সবন্দী অবস্থায় যন্ত্রটি পড়ে আছে।সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনে কেন্দ্রীয় ঔষধাগার। এর পরিচালক সৈয়দ ইফতেখার উদ্দীন প্রথম আলোকে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকের (বিভিন্ন কর্মসূচির লাইন ডিরেক্টর) চাহিদার পরিপ্রেক্ষিতে তাঁরা যন্ত্রপাতি কেনেন এবং চাহিদা মোতাবেক বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। নিজেরা উদ্যোগী হয়ে কোনো যন্ত্র কেনেন না। তিনি বলেন, ‘সারা দেশে কত যন্ত্র নষ্ট পড়ে আছে, কত যন্ত্র ব্যবহূত হচ্ছে না, সে তথ্য আমাদের কাছে নেই। সম্ভবত কারও কাছেই নেই।’প্রায় দুই দশক চিকিৎসা-যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন এমন একজন সরকারি প্রকৌশলী প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে, প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি কেনা হচ্ছে না। কেনা হচ্ছে কিছু মানুষের ব্যক্তিগত ইচ্ছায়। তাই এসব যন্ত্র থেকে যে সেবা পাওয়ার কথা, মানুষ তা পাচ্ছে না। মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের ব্যক্তি, ক্ষমতাসীন দলের চিকিৎসক নেতা এবং কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের যোগসাজশে যন্ত্র কেনা হচ্ছে।রাজধানীর অবস্থা: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক বছরের বেশি সময় আগে সিপিইপি (একই সঙ্গে ফুসফুস ও হূদ্যন্ত্রের রোগ নির্ণয় করার যন্ত্র) যন্ত্র কেনা হয় ছয় কোটি ৯৫ লাখ টাকা দিয়ে। প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা ও চিকিৎসক জানিয়েছেন, ২০১০ সালে কেনার পর থেকে যন্ত্রটি পড়ে আছে। কেউ এই অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করতে জানেন না। ১০০ গজের মধ্যে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। এই হাসপাতালে ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক তিনটি যন্ত্রের (লিনিয়ার এক্সিলারেটর) দুটি অচল। প্রায় ৫০ কোটি টাকা দিয়ে এগুলো কেনা হয়েছিল ২০০৫ সালে। এমআরআই যন্ত্র অকেজো পড়ে আছে। যন্ত্রটি দিয়ে কোনো দিন কোনো রোগীকে সেবা দেওয়া হয়নি। অন্যদিকে নয় কোটি টাকা দিয়ে আরেকটি নতুন যন্ত্র গত বছর কেনা হয়েছে। ১১ অক্টোবর প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, যন্ত্রটি বারান্দায় পড়ে আছে। মোড়কই খোলা হয়নি। এ ব্যাপারে কথা বলতে পরিচালক ওবায়দুল্লা বাকির সঙ্গে দেখা করতে চাইলে তাঁর ব্যক্তিগত সহকারী বলেন, পরিচালক যন্ত্র নিয়ে কারও সঙ্গে কোনো কথা বলতে আগ্রহী নন।জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে চার কোটি টাকা দিয়ে কেনা ‘রেনাল এনজিওগ্রাম’ যন্ত্রটি এক দিনও চলেনি। সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল জামাকাপড়, বিছানার চাদর ও যন্ত্রপাতি পরিষ্কার, ধোয়া ও জীবাণুমুক্ত করার স্বয়ংক্রিয় যন্ত্র। যন্ত্রটি ব্যবহারের জন্য বিশেষভাবে ভবন তৈরি করা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এটি ব্যবহার করেনি। ১০টি শয্যাসহ নিবিড় পরিচর্যাকেন্দ্রের জন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে যন্ত্রপাতি কেনা হয়েছিল। শয্যাসহ সব যন্ত্রই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক কোটি টাকা খরচ করে অস্ত্রোপচারের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার একটি বিশেষ যন্ত্রও কেনা হয়েছে। কিন্তু ব্যবহার করা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, অন্তত ২৫ কোটি টাকার যন্ত্র পড়ে আছে। এগুলো কেনা হয়েছিল ২০০২-০৩ সালে।ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে কাস্টিং বা ক্রউন যন্ত্র, সিবিসিটি ও একাধিক লেসার যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, গত দুই বছরে কেনা এসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।কেন্দ্রীয় ঔষধাগারের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, জাতীয় হূদরোগ হাসপাতাল, জাতীয় মানসিক হাসপাতালসহ রাজধানীর অন্যান্য বিশেষায়িত হাসপাতালে প্রায় ৩০ কোটি টাকার যন্ত্র অব্যবহূত বা অকেজো অবস্থায় পড়ে আছে।স্বার্থ ব্যবসায়িক: ক্যানসার চিকিৎসার পাঁচটি (ক্যানসার হাসপাতালে দেওয়া হয় তিনটি) অত্যাধুনিক লিনিয়ার এক্সিলারেটর যন্ত্র কেনা হয়েছিল বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়। কারিগরি কমিটি ওই যন্ত্র কেনার বিপক্ষে মত দিয়েছিল। কিন্তু বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কিছু নেতার চাপে এসব যন্ত্র কেনা হয়েছিল। তখন আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সমালোচনা করেছিল।এখন স্বাচিপের নেতারা একই কাজ করছেন। ২০০৯ সাল থেকে যেসব যন্ত্র কেনা হচ্ছে, কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে মন্ত্রী, স্বাচিপ বা আওয়ামী লীগের নেতারা যন্ত্র কেনায় প্রভাব খাটিয়েছেন।এই সময়ে চিকিৎসা-যন্ত্রপাতি বেশি সরবরাহ করেছে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ব্যবসায় নেমেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের পরিবার।অভিযোগ আছে, অন্তত দুটি বিশেষায়িত হাসপাতাল কর্তৃপক্ষকে নিজের পছন্দের প্রতিষ্ঠান থেকে যন্ত্র কিনতে চাপ দিয়েছেন আওয়ামী লীগের একজন নেতা।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও স্বাচিপ নেতা মো. শারফুদ্দিন আহমেদ এখন একটি গাড়ি ব্যবহার করেন। যন্ত্রপাতি সরবরাহ করে এমন একটি প্রতিষ্ঠান গাড়িটি তাঁকে দিয়েছে। শারফুদ্দিন অবশ্য প্রথম আলোকে বলেন, ‘গাড়িটি আমাকে একেবারেই দিয়ে দেওয়া হয়নি। কিছুদিন ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।’