রাজধানীর বিমানবন্দর সড়কে গতকাল রোববার ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন নাসা গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভরত প্রায় দুই হাজার শ্রমিককে ছত্রভঙ্গ করতে পুলিশ-র্যাব লাঠিপেটা ও কাঁদানে গ্যাস-রাবার বুলেট নিক্ষেপ করে। ক্ষুব্ধ শ্রমিকেরা শতাধিক গাড়ি ভাঙচুর করেন ও দুটি গাড়ি জ্বালিয়ে দেন। তাঁরা রেললাইন থেকে পাথর তুলে বৃষ্টির মতো পুলিশের দিকে ছুড়ে মারেন। একপর্যায়ে পুলিশের একটি দল পাশের জলাধারে নেমে পড়ে।এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় দিনের মতো রবিন টেক্স বিডি লিমিটেডের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের বেপরোয়া লাঠিপেটা ও সংঘর্ষে পাঁচ পুলিশসহ ২৫ জন আহত হন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। ভাঙচুর করা হয় সাত-আটটি যানবাহন। পুলিশ ১৫টি কাঁদানে গ্যাসের শেল ও ৩৮টি শটগানের গুলি ছোড়ে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া গতকাল চট্টগ্রামে ইপিজেড এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা ব্যাপক বিক্ষোভ করেছেন। সেখানে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। বিক্ষোভ হয়েছে সাভারের আশুলিয়াতেও। পোশাক কারখানার শ্রমিকদের অভিযোগ, সরকারঘোষিত বেতন স্কেলের তুলনায় তাঁদের কম বেতন দেওয়া হচ্ছে। তাঁদের ক্ষোভের এটাই কারণ।রাজধানীর চিত্র: বিমানবন্দর সড়কে পুলিশ-র্যাবের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। সকাল পৌনে আটটা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকে।এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে এবং অজ্ঞাতনামা এক-দেড় হাজার শ্রমিককে আসামি করে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা এ পরিস্থিতির জন্য পোশাক কারখানার মালিকপক্ষকে দায়ী করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাল সকাল থেকে রাজধানীর জোয়ার সাহারায় নাসা গ্রুপের কিমিয়া কমপ্লেক্সের তিনটি পোশাক কারখানার (কিমিয়া, সানসিড ও ইডেন অ্যাপারেলস) শ্রমিকেরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। ‘সরকারঘোষিত কাঠামো অনুযায়ী বেতন দিতে হবে’ স্লোগান দিয়ে দুই হাজারেরও বেশি শ্রমিক কারখানার সামনে থেকে মিছিল নিয়ে বিমানবন্দর সড়কের কুড়িল-বিশ্বরোড (ত্রিমোড়) অবরোধ করেন। এ সময় পুলিশ-র্যাব তাঁদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। দুপুর পৌনে একটার দিকে কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকেরা শান্ত হন।শ্রমিকেরা জানান, গত শনিবার বেতন দেওয়া হয়েছে। ঘোষিত কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার কথা ছিল। কিন্তু চতুর্থ (গ্রেড) এবং এর নিম্নস্তরের শ্রমিকেরা কাঠামো অনুযায়ী বেতন পেলেও তৃতীয় স্তরের শ্রমিকদের বেতন দেওয়া হয় কর্তৃপক্ষের ইচ্ছামতো।হারুন অর রশীদ নামের এক শ্রমিক জানান, নিয়মানুযায়ী কারখানার মেশিন অপারেটর ও কোয়ালিটি ইন্সপেক্টর পদে কর্মরতদের তৃতীয় স্তরে বেতন পাওয়ার কথা ছিল। সরকারঘোষিত কাঠামো অনুযায়ী তৃতীয় স্তরের মূল বেতন হলো চার হাজার ২১৮ টাকা। কিন্তু তৃতীয় স্তরের শ্রমিকদের কেউ তিন হাজার ৩০০ টাকা, কেউ তিন হাজার ৭০০ টাকা বেতন পেয়েছেন। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্বরোড পরিবহন কাউন্টারের কর্মীরা জানিয়েছেন, সকাল পৌনে আটটার দিকে দলে দলে শ্রমিকেরা মিছিল নিয়ে বিশ্বরোডের দিকে আসতে থাকেন। কয়েক শ নারী শ্রমিক বিশ্বরোড মোড়ে বসে পড়ে রাস্তা অবরোধ করেন। কয়েক মিনিটের মধ্যেই রাস্তার দুই পাশে যানবাহনের লম্বা সারি পড়ে যায়। পুলিশ ও র্যাব এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রথমে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ বাঁশি বাজিয়ে শ্রমিকদের ওপর লাঠিপেটা শুরু করে। এ সময় শ্রমিকেরা রাস্তা পার হয়ে রেললাইনের ওপর চলে যান। তাঁরা রেললাইনের ওপর থেকে পাথর তুলে পুলিশের দিকে বৃষ্টির মতো ছুড়তে শুরু করেন। জবাবে পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিকদের ঢিল ও ধাওয়ার মুখে ৮-১০ জনের একদল পুলিশ রাস্তার পাশের জলাধারে নেমে পড়ে। এ সময় বাড্ডা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম ওয়্যারলেস সেট হারিয়ে ফেলেন। এর আগে শ্রমিকদের হামলায় হাত ভেঙে যায় সাইফুলের। পরে লোক নামিয়ে জলাধার থেকে ওয়্যারলেস সেটটি উদ্ধার করা হয়। দুপুরে জলাধারের বিভিন্ন জায়গা থেকে পুলিশের ফেলে যাওয়া বুট, কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করা হয়।গাড়িতে আগুন: পুলিশকে হটিয়ে শ্রমিকেরা দ্বিতীয় দফায় রাস্তার দখল নিয়ে গণহারে যানবাহন ভাঙতে শুরু করেন। রাস্তায় কোনো গাড়ি দেখলেই ভাঙতে ছুটে যাচ্ছিলেন একদল শ্রমিক। র্যাবের একটি গাড়িও ভাঙচুর করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট: পরে শক্তি বাড়িয়ে ব্যাপক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে রাস্তা থেকে শ্রমিকদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও র্যাব। বেলা পৌনে ১১টা থেকে যান চলাচল শুরু হয়। তবে এর মধ্যেই উত্তরা, গুলশান, বনানী, মহাখালী, রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাক, মগবাজার, তেজগাঁওসহ পুরো ঢাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।মালিকপক্ষের আশ্বাস: রাস্তা ছেড়ে দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কিমিয়া কমপ্লেক্সের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ মাইকে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। গুলশান জোনের সহকারী কমিশনার আশরাফুল আজিম প্রায় আধঘণ্টা শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন। দুপুর সোয়া ১২টার দিকে নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মজুমদার, পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানার সামনে আসেন।সাইফুল ইসলাম বেতন কম দেওয়ার বিষয়টি স্বীকার করে শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘নাসা গ্রুপের ৩৪টি কারখানা রয়েছে। অনেক কাজ। আমাদের ক্যালকুলেশনে ভুল হতে পারে। আপনারা শনিবারই বেতন পেয়েছেন। এরপর আমাদের একটা দিন সময় দিতেন, রাস্তায় যাওয়ার আগে হেড অফিসে জানাতেন, তাহলেই এ রকমটি হতো না।’ তিনি প্রত্যেক শ্রমিককে নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার আশ্বাস দেন।এ সময় শ্রমিকেরা নাসার পরিচালক সারোয়ারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেন। ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মজুমদার সারোয়ারকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন। তিনি শ্রমিকদের দাবি অনুযায়ী সংঘর্ষে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।কেন সরকারঘোষিত কাঠামো অনুযায়ী বেতন দিলেন না, জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের বলেন, ‘আমরা আগে শ্রমিকদের সঙ্গে কথা বলি। পরে আপনাদের জানাব।’ পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘বেতন নিয়ে সারা দেশে বিভিন্ন কারখানাতেই ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা বিষয়টা সমাধানের চেষ্টা করব।’নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় দিনের মতো রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান রবিন টেক্স বিডি লিমিটেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশের বেপরোয়া লাঠিপেটা ও সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাল সকাল আটটায় রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবস্থিত ওই কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তাঁরা কারখানা তালাবদ্ধ এবং গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা চালুর দাবিতে নয়টায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন সাত-আটটি যানবাহন। শ্রমিকেরা কারখানার ডে কেয়ার সেন্টারের আসবাবও ভাঙচুর করেন। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ছাড়াও ১৫টি টিয়ার শেল ও ৩৮টি শটগানের গুলি ছোড়ে। সকাল সাড়ে ১০টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। হামলা ও ভাঙচুরের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।ওই পোশাক কারখানার শ্রমিকেরা জানান, রোববার বেতন নিয়ে মালিকপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সকালে এসে তাঁরা তালা ঝুলতে দেখে উত্তেজিত হয়ে পড়েন।কারখানার ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন মোল্লা জানান, শনিবারের হামলা ও ভাঙচুরের ঘটনায় কারখানার মেশিনারিজ, আসবাবসহ বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পর কারখানা চালু রাখার মতো কোনো পরিবেশ নেই। তাই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, কারখানার বন্ধের নোটিশ দেখেই শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) বিদেশি বিনিয়োগকারী দুটি পোশাক তৈরির কারখানা, আশুলিয়া শিল্পাঞ্চলের তিনটি কারখানাসহ মোট পাঁচটি তৈরি পোশাক কারখানায় গতকাল রোববার শ্রমিক অসন্তোষ দেখা দেয়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ আশুলিয়ার দুটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে।কারখানাগুলো হচ্ছে: ডিইপিজেড এলাকার পুরোনো জোনে অবস্থিত সুইডেনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান হপলুন বিডি লিমিটেড এবং নতুন জোনে অবস্থিত আলফা প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড, আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড এবং জামগড়া এলাকার স্টারলিংক ক্রিয়েশন ও স্টারলিংক অ্যাপারেলস লিমিটেড।আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিইপিজেডে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হপলুন বিডি লিমিটেডের চার হাজার ৭০০ শ্রমিক রোববার সকাল থেকেই কাজ বন্ধ রেখে গ্রেড সংশোধনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেন।আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি মোকাবিলায় ডিইপিজেডসহ পাঁচটি কারখানার সামনে শিল্পাঞ্চল পুলিশের পাশাপাশি অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।