ঢাকায় শিলাবৃষ্টিসহ মৌসুমের প্রথম কালবৈশাখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এ বছরের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেল আজ বুধবার বিকেলে। এ সময় শিলাবৃষ্টিসহ প্রচণ্ড গতিতে শহরজুড়ে বাতাস বয়ে যায়। এই ঝড়ে তেজগাঁও বিজ্ঞান কলেজসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের অংশবিশেষ ধসে পড়ে পাশের রাস্তায় সিএনজিচালিত একটি অটোরিকশা ওপর। এতে অটোরিকশার যাত্রী, চালক, পথচারীসহ চারজন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে পুলিশ সূত্র জানিয়েছে। এ ছাড়া প্রায় আধা ঘণ্টার এই ঝড়ে নগরের বিভিন্ন স্থানে ছোটখাটো গাছ উপড়ে, ডাল ভেঙে, বিদ্যুত্ ও টেলিফোনের তার ছিঁড়ে লন্ডভন্ড অবস্থার সৃষ্টি হয়। অফিস ফেরত লোকজনকে ভিজে একাকার হয়ে ফিরতে হয় ঘরে।ষড়ঋতুর এই বাংলাদেশের আবহাওয়াপঞ্জিতে কালবৈশাখীর সাধারণ সময় নির্ধারিত আছে মার্চ থেকে মে মাস পর্যন্ত। তবে ফেব্রুয়ারিতেও তা অস্বাভাবিক নয়। আবহাওয়া অফিসে কর্তব্যরত একজন আবহাওয়াবিদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ১৬ ও ১৭ ফেব্রুয়ারিতেও যশোর ও বরিশাল অঞ্চলে বেশ জোরেসোরেই কালবৈশাখী ঝড় হয়েছে। ঢাকায় অবশ্য এ বছর এটাই প্রথম।