ঢাকায় বছরের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেল গতকাল বুধবার বিকেলে। এ সময় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। ঝড়ে তেজগাঁও বিজ্ঞান কলেজসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের অংশবিশেষ ধসে পড়ে শিশু পারভেজ (১২) মারা গেছে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী, চালক ও পথচারীসহ আরও তিনজন আহত হন।পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ মা-বাবার সঙ্গে তেজগাঁও বিজ্ঞান কলেজসংলগ্ন বস্তিতে থাকত। তার বাবার নাম বাচ্চু মিয়া। ঝড়ের সময় দেয়াল ধসে পারভেজ গুরুতর আহত হয়। তাকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু) হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়। অন্য তিনজনকেও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থাও গুরুতর। জানা গেছে, প্রায় আধা ঘণ্টার এই ঝড়ে নগরের বিভিন্ন স্থানে ছোটখাটো গাছ উপড়ে, ডাল ভেঙে, বিদ্যুৎ ও টেলিফোনের তার ছিঁড়ে লন্ডভন্ড হয়ে যায়। অফিসফেরত যাত্রীদের ভিজে একাকার হয়ে ঘরে ফিরতে হয়। ষড়্ঋতুর এই বাংলাদেশের আবহাওয়া পঞ্জিতে কালবৈশাখীর সাধারণ সময় নির্ধারিত আছে মার্চ থেকে মে মাস পর্যন্ত। তবে ফেব্রুয়ারিতেও তা অস্বাভাবিক নয়। আবহাওয়া দপ্তরে গতকাল সন্ধ্যায় কর্তব্যরত একজন আবহাওয়াবিদ প্রথম আলোকে বলেন, ১৬-১৭ তারিখেও যশোর ও বরিশাল অঞ্চলে বেশ জোরালো কালবৈশাখী হয়েছে। ঢাকায় অবশ্য এ বছর এটাই প্রথম কালবৈশাখী।আবহাওয়াবিদ জানান, গতকাল বিকেলের ওই ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০২ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার। তবে ওই ঝড়ের পরও অনেকক্ষণ নগরে বৃষ্টি হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথমে জোর বাতাস ও এর অনুষঙ্গ ধূলিঝড় শুরু হয়। এরপর শিলাপাত ও ক্রমান্বয়ে বৃষ্টি।আবহাওয়া দপ্তর থেকে গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃহস্পতিবারও দেশের অনেক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।দেশের নদী অববাহিকাগুলোতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা থাকতে পারে। রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।