ঢাকায় সাংবাদিক ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা
ঢাকার নয়াপল্টনে প্রবীণ সাংবাদিক ফরহাদ খাঁ (৬৩) ও তাঁর স্ত্রী রহিমা খাতুনকে (৫২) গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় ৭৭, নয়াপল্টনের (মসজিদ গলি) ভাড়া বাসা থেকে এই দম্পতির লাশ উদ্ধার করে। ডাকাতির উদ্দেশ্যে, নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি।ফরহাদ খাঁ দৈনিক জনতায় জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনতলা ওই বাড়ির দোতলায় তিনি ও তাঁর স্ত্রী থাকতেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।পুলিশ ও ফরহাদ খাঁর সহকর্মীরা জানান, ফরহাদ খাঁ তাঁর বোন ও নববিবাহিত ভাগনেকে স্ত্রীসহ গতকাল দুপুরে তাঁর বাসায় নিমন্ত্রণ করেছিলেন। সে অনুযায়ী সকালে তাঁরা ওই বাসায় গিয়ে দরজায় দুটি তালা লাগানো দেখে ফরহাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু রিং বাজলেও কেউ ফোন ধরেননি। একপর্যায়ে তাঁরা আত্মীয় ও ফরহাদের ঘনিষ্ঠ দু-একজনকে ফোনে বিষয়টি জানিয়ে চলে যান। সকালে ফরহাদের আরও এক পরিচিতজন ওই বাসায় এসে দরজায় তালা দেখে চলে যান। পরে দুপুরে এসেও তিনি বাসায় তালা দেখে বিষয়টি ফরহাদের ঘনিষ্ঠজন ও দৈনিক জনতা কার্যালয়ে জানান। একপর্যায়ে এক আত্মীয় ওই বাসায় ফরহাদের মুঠোফোন বাজার খবর পেয়ে বিষয়টি অন্য আত্মীয়দের জানান। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে আত্মীয়-বন্ধুরা সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দৈনিক জনতার ভারপ্রাপ্ত সম্পাদক, পুলিশসহ সেখানে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা বাসার একটি কক্ষের মেঝেতে ফরহাদের ও খাটের ওপর রহিমার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। রাতে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাসির জানান, তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, শয়নকক্ষ ও যে ঘর থেকে লাশ উদ্ধার হয়েছে, এই দুই ঘরের আসবাব লন্ডভন্ড। দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।ফরহাদের ছোট ভাই দৈনিক করতোয়ার সাংবাদিক আবদুস সামাদ খাঁ জানান, সাত ভাই ও দুই বোনের মধ্যে ফরহাদ দ্বিতীয়। কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল বলে তাঁরা জানেন না। তাই এ ঘটনার কারণ সম্পর্কে তাঁরা কিছু আন্দাজ করতে পারছেন না।দৈনিক জনতার ভারপ্রাপ্ত সম্পাদক মো. আহসানউল্লাহ প্রথম আলোকে জানান, ছয়-সাত মাস ধরে ফরহাদ খাঁ দৈনিক জনতায় কাজ করছেন। গত বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত তিনি অফিসে ছিলেন। গতকাল দুপুরে তাঁর আত্মীয় ও বন্ধুরা খোঁজ না পাওয়ার বিষয়টি অফিসে জানান। বাসায় ঢুকতেই দরজার কাছে মেঝেতে সকালে হকারের দেওয়া দুটি পত্রিকা ভাঁজ না খোলা অবস্থায় দেখা যায়। এতে মনে হয়, রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটানো হয়েছে।ফরহাদ খাঁর দীর্ঘদিনের বন্ধু রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু জানান, ফরহাদ দম্পতির একমাত্র সন্তান আইরিন খাঁ স্বামীর সঙ্গে ইতালিতে থাকেন। ফরহাদ দম্পতিও বছরের কিছু সময় ইতালিতে কাটাতেন। ছয়-সাত মাস আগে ফরহাদ দেশে ফিরে দৈনিক জনতায় কাজ শুরু করেন। তাঁর স্ত্রী দেশে আসেন প্রায় তিন মাস আগে। আর্থিক দিক থেকে বেশ সচ্ছল ফরহাদের যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পাঁচ কাঠা জমির ওপর টিনশেড বাড়ি রয়েছে। তবে তিনি নয়াপল্টনের এই বাড়িতে ১০-১২ বছর ধরে ভাড়া ছিলেন। যখন দেশে থাকতেন না, তখন বাসা খালি থাকত। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। রহিমা একসময় জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফরহাদ ছিলেন নির্বিরোধী মানুষ। কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল বলে তিনি জানতেন না।ফরহাদের বন্ধু ও স্বজনেরা জানান, দৈনিক জনতার আগে ফরহাদ দৈনিক মিল্লাত, ভারত বিচিত্রাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। প্রায় ৪০ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত ফরহাদ ছিলেন লেখক পরিষদ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।নয়াপল্টনের ওই তিনতলা বাড়ির মালিক তিনজন। দোতলার যিনি মালিক, তিনি মারা গেছেন। দোতলার দুটি ফ্ল্যাটের একটিতে মালিকের পরিবার, অপরটিতে থাকতেন ফরহাদ খাঁ। প্রয়াত মালিকের স্ত্রী ফাবিলা জানান, তাঁর পরিবারের সঙ্গে ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রীর ঘনিষ্ঠতা ছিল। তাঁরা দীর্ঘদিনের ভাড়াটে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রহিমা খাতুন তাঁদের বাসা থেকে পানি নিয়ে যান। এরপর তাঁরা আর কিছু জানেন না।স্থানীয় লোকজন জানান, বাড়িটির নিচতলায় প্রতি বৃহস্পতিবার আধ্যাত্মিক সংগীত হয়। হইচই, হট্টগোল হয়। এ কারণে ওই রাতে দোতলার কোনো আওয়াজ বাইরে নাও আসতে পারে।গত রাতে ঘটনাস্থলে যান ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রীর লাশ তাঁদের মূল শয়নকক্ষ থেকে নয়, অন্য একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তাঁদের চেনা-পরিচিত কেউ ওই রাতে বাসায় এসেছিল। যার জন্য মূল শয়নকক্ষে মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।