ঢাকায় সাঈদ এস্কান্দারের মরদেহ
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ভাই সাবেক সাংসদ মেজর (অব.) সাঈদ এস্কান্দারের মরদেহ আজ বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সকাল সাড়ে আটটার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক সাংসদের মরদেহ নিউইয়র্ক থেকে ঢাকায় আনা হয়।বিমানবন্দরে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী সালেহ আহমেদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সাঈদ এস্কান্দারের মরদেহ গ্রহণ করেন। এ সময় বিএনপির নেতা আ স ম হান্নান শাহ, মীর নাছির, ভিপি জয়নাল, শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি উপস্থিত ছিলেন। সেখান থেকে সকাল ১০টার দিকে বারিধারায় সাঈদ এস্কান্দারের নিজ বাসায় তাঁর কফিন নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর ছোট ভাইয়ের বাসায় ছুটে যান খালেদা জিয়া। ভাইয়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে সান্ত্বনা জানান।সাঈদ এস্কান্দার দীর্ঘদিন যাবত্ ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। গত রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ফেনী-১ আসনের সাবেক সাংসদ ও একজন মুক্তিযোদ্ধা ছিলেন।গত সোমবার নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে বিএনপির এই নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আগে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। বেলা তিনটায় এস্কান্দারের মরদেহ নেওয়া হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গুলশানের আজাদ মসজিদে বাদ আসর তাঁর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাঈদ এস্কান্দারকে দাফন করা হবে। ইউএনবি।