ঢাকায় সুলতানি আমলের শিলালিপির সন্ধান
ঢাকায় সুলতানি আমলের একটি নতুন শিলালিপি পাওয়া গেছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলের ওই শিলালিপিটি খুঁজে পেয়েছে উদ্যমী কিছু তরুণের সমন্বয়ে গঠিত ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি। পুরান ঢাকার ইসলামপুর রোডের বাবুবাজার মসজিদ থেকে শিলালিপিটি পাওয়া যায়।লিপিটির ভাষা আরবি। বিশালায়তন আয়তাকার কালো পাথরে খোদাই করা শিলালিপির কিছু অংশ ভাঙা থাকায় নির্মাণ সাল বোঝা যায়নি। তবে শিলালিপির বক্তব্য থেকে জানা যায়, আলাউদ্দিন হোসেন শাহের (১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ) আমলে মসজিদটি নির্মিত।এ বিষয়ে প্রত্নতত্ত্ববিদ ও অনুবাদক অধ্যাপক এ কে এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় পাওয়া সুলতানি আমলের তৃতীয় শিলালিপি এটি। এর আগে বিনোদ বিবির মসজিদ ও নাসওয়ালা গলির মসজিদে সুলতান মাহমুদ শাহের আমলের দুটি শিলালিপি পাওয়া গেছে। আলাউদ্দিন হোসেন শাহের আমলের পাওয়া এটিই প্রথম শিলালিপি।’ ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি ২০০৮ সালে প্রাচীন শিলালিপিবিষয়ক অনুসন্ধান কাজ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজটি পরিচালিত হচ্ছে। কমিটির সদস্যরা পুরানা ঢাকা ও নতুন ঢাকার বিভিন্ন অংশে জরিপ করেছেন। তাঁরা প্রাচীনকাল থেকে মোগল আমল, কোম্পানি আমল ও ব্রিটিশ আমলে ঢাকার শিলালিপি নিয়ে কাজ করছেন। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক শিলালিপি তাঁরা খুঁজে পেয়েছেন।১৭ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচীনকাল থেকে মোগল আমল অর্থাৎ ১৭৫৭ সাল পর্যন্ত ঢাকায় পাওয়া ৮৪টি শিলালিপির আলোকচিত্র প্রদর্শনী করে। এর মধ্যে ১৮টি শিলালিপি ইতিপূর্বে বিভিন্ন গ্রন্থে প্রকাশিত হয়েছে। বাকি শিলালিপিগুলো এই কমিটিই প্রথমবারের মতো খুঁজে পেয়েছে। অবস্থান: বাবুবাজার মসজিদটির বর্তমান অবস্থান ৬৮ নম্বর ওয়ার্ডের ৫৭/৫৮ ইসলামপুর রোডে, কোতোয়ালি থানায়। ইতিহাসবিদেরা বলছেন, সম্ভবত বাবুবাজার এলাকাটা ছিল ইসলামপুরের পূর্ব সীমানা। এর পরই ধোলাই নদের। ওপারে ছিল কাটরা পাকুড়তলি, শায়েস্তা খাঁর বাসস্থান। অধ্যাপক এ এইচ দানি তাঁর ঢাকা বইয়ে উল্লেখ করেছেন, বুড়িগঙ্গার তীর বরাবর পশ্চিমে মনেশ্বর-মিরপুরের দিকে এগিয়ে যায়। মোগল-পরবর্তী আমলে ভূ-কইলাশের জমিদারবাবুরা এখানে বাজার প্রতিষ্ঠা করলে বাবুর সঙ্গে বাজারজুড়ে বাবুবাজার নাম হয়ে যায়। নির্মাণকালে এ মসজিদের পশ্চিমঘেঁষে এগিয়ে অধুনালুপ্ত ধোলাই নদের একটি ধারা মিলেছিল বুড়িগঙ্গায়। বর্তমানে পশ্চিমের ধোলাই নদে পাকা রাস্তা ও তার ওপর বুড়িগঙ্গা সেতুর সংযোগ সড়ক গড়া হলেও দক্ষিণে বুড়িগঙ্গার সঙ্গে মসজিদের দূরত্ব এখনো ১০০ মিটারের বেশি না।বর্তমানে বাবুবাজার মসজিদের আধুনিক অবকাঠামোর তৃতীয় তলায় শিলালিপিটি রাখা আছে। শিলালিপির বর্ণনা: শিলাখণ্ডের চারটি কোণই জায়গায় জায়গায় ভেঙে অসমান হয়ে গেছে। কোনো কোনো সরল ফিতায় ধরা যায় না। তাই এর সাবেকী আকার কিছুটা অনুমান করে নিতে হয়। তবুও বেশ বোঝা যায়, আয়তক্ষেত্রের ফলকেই আরবি হরফ খোদাই করে তোলা হয়েছে কালো পাথরে। শীর্ষ লাইনে হরফের ওপরের অংশ ভাঙা পড়লেও তার পাঠোদ্ধার করা যায়। কিন্তু একেবারের নিচের লাইনটির নিচের অংশ ভাঙা থাকায় উৎকীর্ণ করা সাল-তারিখটি হারিয়ে গেছে বলে মনে হয়। তবে নিচের লাইনে ‘আলাউদ্দিন হোসেন শাহ’ নামটি পড়া যায়।শিলাখণ্ডটির দৈর্ঘ্য দুই ফুট চার ইঞ্চি ও প্রস্থ এক ফুট ১০ ইঞ্চি। মাঝ বরাবর একটি প্রশস্ত ভাগরেখা শিলাখণ্ডটিকে ওপর ও নিচে দুই খোপে ভাগ করেছে।বাম কোনার ওপরের প্রান্ত ঘেঁষে উঁচু প্রান্তরেখাটা অনেকটা অক্ষতই সোজা নেমেছে মাঝ বরাবর। এর নিচের অংশে পাথর ভাঙতে ভাঙতে ক্রমেই ডানে সরেছে। বাম কোনার নিচের প্রান্তে পাথর ভাঙা পড়েছে অন্তত চার ইঞ্চি। নিচের খোপের নিচ দিকটা পুরোটাই ভাঙা। শিলাখণ্ডটি এত ভারী যে দু-তিনজনে সেটিকে কোনোমতে কিছুটা সরানো যায়, তবে কিছুতেই তোলা যায় না। এর ওজন নেওয়া হয়নি।যা লেখা আছে: শিলালিপিতে আরবি ভাষায় যা লেখা আছে তা হলো, ‘বানা হাজা বাবল মসজিদুল জামে আস সুলতানু মোয়াজ্জম ওয়াল মোকাররম আলাউদ্দিন ওয়াদদুনিয়া আস সুলতান ইবনে সুলতান...খাল্লাদাল্লাহু মুলকাহু ওয়া সুলতানাহ...ফি সানাতে তিস উ মিয়া...আশারা...। ’এর অনুবাদ করেছেন মাওলানা মো. নূর উদ্দিন ফতেহপুরী। বাংলায় এর অর্থ দাঁড়ায়, ‘এই জামে মসজিদের দরজা নির্মিত হয়েছে সম্মানিত বাদশাহ আলাউদ্দিন ওয়াদদুনিয়া (ইহকাল ও পরকালের সম্মানিত) বাদশাহের পুত্র বাদশা...আল্লাহ তাঁর রাজ্য ও রাজত্বকে চিরস্থায়ী করুন। ... ৯ শত ... ১০.’যেভাবে খুঁজে পাওয়া: গ্রন্থ প্রণয়ন কমিটির আহ্বায়ক জয়িতা রায় প্রথম আলোকে বলেন, জরিপ শুরুর পর থেকেই কমিটির সদস্যরা বিভিন্ন জায়গায় শিলালিপির সন্ধান করছেন। বাবুবাজার মসজিদেও কয়েকবার খোঁজ করা হয়। কিন্তু প্রথমে শিলালিপিটি পাওয়া যায়নি। জরিপ শুরু হওয়ার প্রায় দুই বছর পর মসজদিটিতে আবারও গেলে মুসল্লিরা জানান, তৃতীয় তলায় শিলালিপিটি রয়েছে।মসজিদ কমিটির দাবি, এখন হাল আমলের যে ভবনটি দাঁড়িয়ে আছে, তার আদি কাঠামোয় শিলালিপিটি পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল ১৯৯৪ সালে বর্তমান কাঠামোর ভিত গাঁথার সময়, মাটির নিচে।গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই কমিটিতে যাঁরা কাজ করছেন, তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শিলালিপি নিয়ে নিজ উদ্যোগে তাঁদের এ কাজটি ইতিহাস সচেতনতারই অংশ। এর মধ্য দিয়ে তাঁরা নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য ও ইতিহাস জানার প্রতি আগ্রহী করে তুলছেন।