ঢাকায় সড়ক আটকে আবার সমাবেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে রাস্তা বন্ধ করে আয়োজন করা হয় বিএনপির সমাবেশ। প্রায় একই সময়ে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউর রাস্তায় সমাবেশ করেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগ। এ দুটি সমাবেশের কারণে গতকাল দুপুর থেকে যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী।এভাবে সড়ক আটকে সমাবেশের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, বিএনপি ও যুবলীগ উভয় দলই পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই সমাবেশ করেছে। এভাবে সমাবেশের ফলে যে জনদুর্ভোগ হয়েছে তার দায় কার? এর জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে বিকল্প স্থান ছিল না। বিকল্প স্থান না থাকায় আমরা এভাবে সড়কে সমাবেশ করার অনুমতি দিয়েছি।’বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সড়ক বন্ধ করে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তখন এ উদ্যোগ নগরবাসীর প্রশংসা কুড়িয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও সে নিষেধাজ্ঞা বহাল ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সড়কের ওপর সমাবেশ করার অনুমতি দিচ্ছে পুলিশ। এর আগে গত শুক্রবার পল্টনে রাস্তা আটকে সমাবেশ করে ইসলামী আন্দোলন। গত ৩১ অক্টোবর মুক্তাঙ্গনে রাস্তা আটকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে জাসদ। এভাবে রাস্তা বন্ধ থাকার কারণে রাজধানীর পরিবহনব্যবস্থা ভেঙে পড়ছে। লাখ লাখ মানুষ যানজট ও যান সংকটের ভোগান্তিতে পড়ছেন।গতকাল প্রায় একই সময়ে নয়াপল্টন ও গুলিস্তানে রাস্তার ওপর দুটি রাজনৈতিক সমাবেশের কারণে সন্ধ্যা পর্যন্ত যানজটে স্থবির হয়ে ছিল রাজধানীর অনেক সড়ক। যান সংকটে চরম বিড়ম্বনায় পড়েন ঘরমুখো মানুষ। গুলিস্তান, দৈনিক বাংলা মোড়, মতিঝিল, ফকিরেরপুল, পল্টন মোড়, প্রেসক্লাব, কাকরাইল, মৎস্য ভবন মোড় ইত্যাদি এলাকার রাস্তায় গাড়িগুলো যানজটে ঠাঁয় দাঁড়িয়ে ছিল ঘণ্টার পর ঘণ্টা। আবার শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি, আসাদগেট ইত্যাদি জায়গায় হাজার হাজার মানুষকে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা যায়। এসব এলাকা ছিল তুলনামূলক ফাঁকা।দুপুর দুইটা-আড়াইটা থেকেই বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। বাসে এসে তাঁরা বিজয়নগর, শান্তিনগর, রমনা পার্কের আশপাশের রাস্তাগুলোতে নেমে মিছিল নিয়ে সমাবেশের দিকে যেতে থাকেন। মিছিলগুলো রাস্তা দখল করে ব্যানার নিয়ে সমাবেশস্থলের দিকে এগোতে থাকে। দুপুর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিজয়নগর (নাইটিঙ্গেল) মোড় থেকে ফকিরাপুল ক্রসিং পর্যন্ত রাস্তাটি পুরোপুরি বন্ধ ছিল।নগরের একটি ব্যস্ত সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় ও নেতা-কর্মীদের মিছিলের কারণে আশপাশের রাস্তাগুলোতে গাড়ি চলাচল ব্যাহত হয়। ফলে বিকেল থেকেই শুরু হয় অস্বাভাবিক যানজট। সন্ধ্যার দিকে অফিস ছুটি হওয়ার সময় যানজট চরমে পৌঁছায়। শহরের অনেকগুলো রাস্তা কার্যত স্তব্ধ হয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা।পল্টন মোড়ে ইনস্যুরেন্স কর্মকর্তা সুমাইয়া নওরীন জানান, দীর্ঘ সময় পল্টনে দাঁড়িয়ে থেকেও মিরপুর যাওয়ার কোনো বাস পাননি। তিনি বলেন, ‘বাস নাই, আর সিএনজিগুলার তো কাছেই ভেড়া যায় না, বাপরে বাপ!’১১ নম্বর রুটের বাসচালক ইব্রাহিম জানান, গুলিস্তান এলাকায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে তাঁদের। এরপর যানজট কাটিয়ে পল্টন আসতে না আসতেই আবারও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে।শহরের দক্ষিণ ভাগ ও মধ্যভাগে (জিরোপয়েন্ট, গুলিস্তান, পল্টন) প্রচণ্ড যানজট থাকলেও তুলনামূলক ফাঁকা ছিল উত্তর অংশ। ফার্মগেট, আসাদগেট, মিরপুর সড়কে যানবাহন ছিল অনেক কম। ঘরমুখো মানুষ দাঁড়িয়ে ছিল যানবাহনের অপেক্ষায়।