জামায়াতে ইসলামীর ডাকা টানা তৃতীয় দিনের হরতালে গতকাল বুধবার হামলার অন্যতম লক্ষ্য ছিল পুলিশ। বংশাল থানার ওসির গাড়ি ও কল্যাণপুরে টহলরত পুলিশ এবং শাহবাগে পুলিশ বক্স লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ায় আজ বৃহস্পতিবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্যই তাঁর ‘জুডিশিয়াল কিলিং’-এর ব্যবস্থা করা হয়েছে।এদিকে গতকাল হরতাল চলাকালে রাজধানীর জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। বিচ্ছিন্নভাবে কিছু ককটেলের বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল সাতটার দিকে পল্লবীর কালসী এলাকায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে সহিংস ঘটনার শুরু হয়। তবে এর খুব বেশি প্রভাব পড়েনি মিরপুরের জীবনযাত্রায়। সকাল থেকেই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এবং ১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় অফিসগামী মানুষের ভিড় ছিল। মানুষকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে দেখা যায়।রাজধানীতে মানুষের চলাফেরা ছিল স্বাভাবিক। সকালের দিকে অফিসগামীরা যানবাহনের সংকটে পড়েন। দুপুরের দিকে আবার যাত্রীসংকটে পড়ে গণপরিবহনগুলো। দোকান, বিপণিবিতান বেশির ভাগই খোলা ছিল। সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক কার্যালয়গুলো খোলা থাকায় রাস্তায় মানুষের চলাচলও ছিল বেশি। সবচেয়ে বেশি ভোগান্তি হয় বিকেলে অফিস শেষে ফেরার সময়। দিনভর রোজায় ক্লান্ত মানুষকে ফেরার সময়ও যানবাহন সংকটের মুখোমুখি হতে হয়। রাস্তায় প্রচুর রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থাকলেও ভাড়া ছিল অন্য দিনের তুলনায় বেশি।ককটেল-ভাঙচুর-অগ্নিসংযোগ: সকাল সাড়ে সাতটার দিকে কল্যাণপুরের শহীদ মিনার সড়কের মুখে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করে।সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন শিবিরের কর্মীরা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ সময় তাঁরা শিবিরের চারজন কর্মীকে আটক করেছেন। বাকিরা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছেন।সকাল সাড়ে ১০টার দিকে নর্থ সাউথ রোডে বংশাল থানার ওসি আবদুল কুদ্দুসের গাড়ি লক্ষ্য করে চারটি ককটেল ছুড়ে পালিয়ে যান শিবিরের কর্মীরা। তবে এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ হামলাকারীদের আটক করতে পারেনি।বেলা সোয়া ১১টার দিকে শাহজাহানপুরের বটতলা মোড়ে শিবিরের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেক মিয়া জানান, শিবিরের ২০-২৫ জন কর্মী লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হঠাৎ তাঁদের ওপর হামলা করে পালিয়ে যান। হামলাকারীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। থানার ওসি আনিসুল হক জানান, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।ইফতারের সময় গাড়িতে আগুন: রাজধানীর মাতুয়াইলে মাগরিবের আজানের কয়েক মিনিট পরে একটি প্রাইম মুভারের (কনটেইনারবাহী বড় ট্রাক) সামনের কেবিনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যেই ট্রাকের কেবিনটি পুড়ে যায়। এ সময় ওই গাড়ির কর্মীরা রাস্তার ওপরে গাড়িটি রেখে ইফতার করছিলেন।পুলিশ জানায়, আশপাশে পুলিশ থাকলেও সবাই ইফতার করছিলেন। এই সুযোগেই জামায়াত-শিবিরের কর্মীরা আগুন লাগিয়ে পালিয়ে যান। যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম ক্ষোভ নিয়ে বলেন, ‘ওরা আবার নিজেদের মুসলমান দাবি করে। ইফতারের সময় সব বাদ দিয়ে মানুষের সম্পদের ক্ষতি করে।’ইফতারের কিছুক্ষণ পর বাংলামোটরে ট্রাফিক পুলিশ বক্স ঘিরে ধরে ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, দুর্বৃত্তরা ককটেল ছুড়ে পালিয়েছে।সরকারের বক্তব্য: সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল রাতে জানানো হয়, জামায়াত-শিবিরের কর্মীরা সারা দেশে ২৬টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তাঁরা ২১টি ককটেলের বিস্ফোরণ ঘটান। হরতাল চলাকালে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাসগুলো চলেনি। জেলা ও বিভাগীয় শহরে যান চলাচলসহ জীবনযাত্রা ছিল স্বাভাবিক।তথ্য বিবরণীতে আরও বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল, অর্থনীতি ধ্বংস এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে যারা বিক্ষিপ্তভাবে সহিংস ও ধ্বংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা করছে, তদন্তপূর্বক সেসব দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান: আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রায় প্রত্যাখ্যান করে বলেন, ‘মুজাহিদকে হত্যার সরকারি ষড়যন্ত্র জনগণ কঠোরভাবে প্রতিহত করবে।’দলটির ভাষায়, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির আদেশ ঘোষণার মাধ্যমে তাঁকে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বৃহস্পতিবার হরতাল দেওয়া হয়েছে।বিবৃতিতে দাবি করা হয়, এ মামলার রায় ঘোষণার অনেক আগেই আওয়ামী লীগের নেতা, সরকারের মন্ত্রী-সাংসদেরা ফাঁসির আদেশের দিন, তারিখ নির্ধারণ করে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য দেন। আজ আদালত আনুষ্ঠানিকভাবে ফাঁসির আদেশ ঘোষণা করল মাত্র। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমাদ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়েছেন।