ঢাকায় হাটে গরু রাখার জায়গা নেই
‘গরুর ব্যাপারিদের বলছি; আপনারা গরুর দাম ধইরা বইসা থাকবেন না। ন্যায্য দাম হইলে বিক্রি কইরা দিবেন। হাটে এখন গরু ধরে না। রাস্তায়ও গরু আছে। ভোলান্টিয়ার ভাইরা রাস্তায় বিক্রি হওয়া গরুগুলা হাসিল ঘরে নিয়ে আসেন। একটা গরুও যেন হাসিল ছাড়া হাটের বাইরে যাইতে না পারে, তা লক্ষ রাখুন।’ গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও পশুর হাটে এভাবেই মাইকে ব্যাপারিদের আহ্বান জানাচ্ছিলেন ইজারাদারেরা। একই অবস্থা ছিল কমলাপুরে ব্রাদার্স ইউনিয়নের মাঠ এবং পুরান ঢাকার নয়াবাজার পশুর হাটেও। রাজধানীর কোরবানির পশুর হাটগুলো ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক দেশি-বিদেশি গরু আমদানি হয়েছে।আমদানি বাড়ায় গতকাল নগরের অনেক হাটেই গরু রাখার জায়গায় টান পড়েছে। ইজারাদারেরা সংলগ্ন বিদ্যালয়ের মাঠ ও কোথাও কোথাও সড়ক বন্ধ করে দিয়ে সেখানে হাট বসিয়েছেন। কিন্তু এতেও এখন গরু ধরছে না। গতকাল রহমতগঞ্জের মাঠে কুষ্টিয়ার সোলেমান ব্যাপারি বলেন, তিনি গত রোববার রাত ১০টায় এক ট্রাক গরু নিয়ে আসেন গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টার মাঠে। সেখানে গরু রাখার জায়গা না পেয়ে রাত পৌনে ১১টার দিকে ট্রাক নিয়ে আসেন ব্রাদার্স ইউনিয়ন মাঠে। এখানে হাটের স্বেচ্ছাসেবকেরা তাঁকে জানিয়ে দেন, জায়গা নেই, গরু নামানো যাবে না। তারপর এসেছেন রহমতগঞ্জ মাঠে। গোলাপবাগ মাঠসংলগ্ন তিনটি সড়কে পশুর সমারোহ। কমলাপুরে ব্রাদার্স ইউনিয়নের মাঠের হাটসংলগ্ন সড়ক ছাড়িয়ে এখন বাংলাদেশ ব্যাংকের একটু সামনে এগিয়ে ডান দিকের সংযোগ সড়ক পর্যন্ত চলে গেছে। নয়াবাজারের হাট আয়োজকেরা সংলগ্ন সড়কেও হাট বসিয়েছেন। এতে আশপাশের কয়েক হাজার দোকানপাট বন্ধ হয়ে গেছে। আগারগাঁওয়ের বস্তির খালি জায়গায় হাট বসার কথা থাকলেও হাট বসে গেছে পার্কেও। হাজারীবাগের হাট এখন লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন সড়কে বিস্তৃত হয়েছে। তবে আমদানি বেশি হওয়ায় এবার গরুর দাম বেশ সহনীয় পর্যায়ে রয়েছে।দেশি ষাঁড় প্রচুর: এবার হাটে দেশি জাতের ষাঁড় উঠেছে প্রচুর। আকার ও আকৃতিভেদে গত দুই দিনে এসব ষাঁড় ১৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে। দেশি গরুর মধ্যে সম্ভবত সবচেয়ে দামি গরুটি এবার উঠেছে ব্রাদার্স ইউনিয়নের মাঠের হাটে। চুয়াডাঙ্গার আনিস বিশ্বাস এনেছেন গরুটি। তিনি জানালেন এর উচ্চতা পাঁচ ফুট এবং লম্বা আট ফুট। যন্ত্রের সাহায্যে ওজন করা হয়েছে ৩৭ মণ। দেশি জাতের এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। দাম উঠেছে পাঁচ লাখ টাকা পর্যন্ত।দাম সহনীয়: এবার আমদানি প্রচুর বলে গরুর দাম বেশ সহনীয়। ছোট ও মাঝারি আকারের ষাঁড়ের দাম ১৮ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। তবে বড় আকারের বিশেষ ধরনের ষাঁড়ের দাম বেশ চড়া। প্রতিটি হাটেই এ ধরনের বড় আকারের গরু উঠেছে। যাঁরা ছোট আকারের গরু কিনতে আসেন, তাঁরাও কৌতূহল নিয়ে এসব দর্শনধারী গরুর সামনে দিয়ে নজর বুলিয়ে যান। বড় আকারের গরুর দাম এক লাখের ওপর। গাবতলীর হাটে বিশাল আকারের এক বিদেশি জাতের ষাঁড়ের দাম হাঁকা হয়েছে নয় লাখ টাকা। নয়াবাজারে সবচেয়ে বড় গরুটির দাম গতকাল পর্যন্ত হাঁকা হয়েছে পাঁচ লাখ টাকা। হাজারীবাগে গতকাল সবচেয়ে বড় গরুটির দাম চাইতে দেখা গেছে চার লাখ টাকা।দেশি গরুর পাশাপাশি বিভিন্ন হাটে রয়েছে অস্ট্রেলিয়ান বিভিন্ন জাত, সিন্ধি, পাঞ্জাবি ও নেপালি ষাঁড় এবং বলদ। এগুলো এক লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত দাম চাইতে দেখা গেছে।মিরকাদিমের গরু: মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকার বাসিন্দারা শুধু কোরবানির জন্য কিছু গাভি পালন করেন। নগরের রহমতগঞ্জ মাঠের হাটে এসব গাভি বিক্রি হয়। এখানে মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকার ব্যাপারিরাই শুধু এই গরুগুলো নিয়ে আসেন। এ জন্য এই গরুর নামও হয়েছে মিরকাদিমের গরু। মিরকাদিমের ব্যাপারি আনিসুর রহমান বলেন, গাভি হলেও এদের বাচ্চা হবে না। সাদা রঙের এই গাভিগুলোর অধিকাংশেরই শিং নেই। বিক্রেতারা জানালেন এবার প্রায় পাঁচ হাজার মিরকাদিমের গরু রহমতগঞ্জের হাটে এসেছে। এসব গরুর নির্দিষ্ট ক্রেতা আছেন। এসব গরুর দাম ৪০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। এই হাটে ভুটান থেকে আমদানি করা ছোট আকৃতির গরু উঠেছে। এগুলোকে বলা হচ্ছে ‘ভুট্টি’। দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ছাগল-ভেড়া: গরু-মোষের পাশাপাশি এবার সব হাটেই বিপুলসংখ্যক ছাগল ও ভেড়ার সমাগম হয়েছে। ছাগলের চাহিদা বরাবরই বেশি থাকে। এবার দামও চড়া। আগারগাঁও বস্তির খালি জায়গার হাটে ছোট আকৃতির ছাগলের দাম চাইতে দেখা গেছে পাঁচ হাজার টাকা। জোড়া খাসি এক লাখ ১০: কুষ্টিয়ার আলমডাঙ্গা থেকে রেজাউল করিম দুটি বিশাল আকৃতির খাসি ছাগল এনেছেন ব্রাদার্স ইউনিয়ন মাঠের হাটে। ছোটখাটো গরুর আকৃতি। উচ্চতা তিন ফুট, লম্বা চার ফুট। প্রত্যেকটির ওজন ৬০ কেজি। এই জোড়া খাসি দুটির দাম হেঁকেছেন এক লাখ ১০ হাজার টাকা।