ঢাকায় ১৪ দলের মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত এবং বিচার বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আজ রোববার ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানববন্ধন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। মানববন্ধনে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রকারীদেরও বিচার দাবি করা হবে।আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে জানান, আজ বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে ১৪ দলীয় জোট ও ঢাকা মহানগরের নেতারা থাকবেন।আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাবতলী-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ২৭ নম্বর রোড-রাসেল স্কয়ার-গ্রিন রোড-বসুন্ধরা-সোনারগাঁও হোটেল-বাংলামোটর-শাহবাগ-মৎস্য ভবন-বাংলাদেশ বার কাউন্সিল-হাইকোর্ট-প্রেসক্লাব-পল্টন মোড়-নূর হোসেন স্কয়ার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্তান পার্ক-ইত্তেফাক মোড়-রাজধানী মার্কেট-সায়েদাবাদ-যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত মানববন্ধন হবে।দলীয় সূত্রে জানা গেছে, আজকের মানববন্ধন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের পাশাপাশি এর সহযোগী সংগঠনগুলোও প্রস্তুতি নিয়েছে। মানববন্ধনে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কয়েক দফায় বৈঠকও করা হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সমমনা বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাও এতে উপস্থিত থাকবেন।আগামীকাল সোমবার বিএনপি-জামায়াত জোট ‘ঢাকা চলো’ কর্মসূচিতে বড় ধরনের লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছে। এর এক দিন আগে ১৪ দল এই মানববন্ধন কর্মসূচি পালন করছে। এর আগে ৭ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকায় গণমিছিল করেছে। এ ছাড়া ১৪ মার্চ ১৪ দলের ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।