ঢাকায় ১৬টি গভীর নলকূপ স্থাপন করছে ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গ্রীষ্ম মৌসুমে ঢাকা মহানগরে পানির অতিরিক্ত চাহিদা মেটাতে ঢাকা ওয়াসা ১৬টি গভীর নলকূপ স্থাপন করছে। এর মধ্যে নতুন করে সাতটি এবং নয়টি প্রতিস্থাপনের কাজ চলছে। পানির ঘাটতি রয়েছে এমন এলাকা চিহ্নিত করে গভীর নলকূপ স্থাপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ কাজ শেষ হলে পানির সরবরাহ দৈনিক প্রায় সাড়ে চার কোটি লিটার বাড়বে।আজ বুধবার জাতীয় সংসদে নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিদ্যুত্ বিভ্রাটের সময় পানি উত্তোলন অব্যাহত রাখার জন্য মোট ৫৭৬টি পাম্প স্টেশনেরমধ্যে ২৩৩টি স্টেশনে জেনারেটর রয়েছে। এ ছাড়া আরও ২০০ জেনারেটর কেনার প্রক্রিয়া চলছে।জরুরি অবস্থা মোকাবিলার জন্য ৩৬টি পানির গাড়ি, ১১টি ট্রাক্টর এবং ২৮টি ট্রলি প্রস্তুত রাখা হয়েছে।ওয়াসার অবৈধ সংযোগ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীতে দেড় কোটি লোকের বাস। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এ নগরে পানির অবৈধ সংযোগ নেওয়ার বিষয়টি অনেক সময় ঢাকা ওয়াসা জানতে পারে না।তবে অবৈধ সংযোগের তথ্য পেলে ঢাকা ওয়াসার ভ্রাম্যমাণ আদালত তাত্ক্ষণিকভাবে সেসব সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায় করে। এ কার্যক্রম বিচ্ছিন্নভাবে সারা বছর ধরে পরিচালিত হয়। অবৈধ সংযোগের সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অদক্ষ কারিগর দিয়ে লাইন নিতে গিয়ে অনেক সময় গ্রাহকেরা পানির পাইপে ছিদ্র করে ফেলে। আবার মরচে ধরে বা অন্যান্য কারণেও পাইপলাইনে ছিদ্র হয়ে থাকে। এ ধরনের ছিদ্রযুক্ত পাইপলাইন পরিবর্তনের কাজ চলছে।