ঢাকায় ১৭টি স্কুল-কলেজ হচ্ছে
রাজধানীতে নতুন ১১টি স্কুল ও ছয়টি কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা না বাড়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহূত জমিতে এই ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়কে রাজধানীর নয়টি স্থানে জমি দেওয়া হচ্ছে।জমি দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে আগামী বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে ভূমি মন্ত্রণালয়। বৈঠকে বিমান, যোগাযোগ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবদেরও ডাকা হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘রাজধানীতে দিন দিন লোকসংখ্যা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে শিক্ষার্থীও। কিন্তু সেই অনুপাতে স্কুল বাড়েনি, আবার অনেক এলাকায় ভালো স্কুলও নেই। সবকিছু বিবেচনায় আমরা রাজধানীর বিভিন্ন স্থান চিহ্নিত করে এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’ মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় এসব স্থানে স্কুল-কলেজ স্থাপনের জন্য জায়গা চিহ্নিত করেছে। জমির বিষয়টি চূড়ান্ত হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাজধানীতে সরকারি এসব স্কুল-কলেজ স্থাপনে জমি বরাদ্দ দিতে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। জমির কারণে এ সিদ্ধান্ত বাস্তবায়নে যাতে বিলম্ব না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি ভূমিসচিবকে নির্দেশ দিয়েছেন।ভূমিসচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এসব স্কুল প্রতিষ্ঠায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জমি চিহ্নিত করেছি।’১৭ স্কুল-কলেজ যেখানে হবে: রাজারবাগ দক্ষিণ বাসাবো এলাকায় ৭ দশমিক ৭৯ একর জমিতে একটি স্কুল ও একটি কলেজ, শ্যামলী রিং রোডে ২ দশমিক ৩৯ একর জমিতে একটি স্কুল ও কলেজ এবং বর্ধিত পল্লবী মিরপুরে একটি স্কুল ও একটি কলেজ নির্মাণ করা হবে। এ তিনটি স্কুল ও তিনটি কলেজ অর্থাৎ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানায়।জানতে চাইলে গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে জমি বরাদ্দ দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয় অনাপত্তি জানিয়েছে।এ ছাড়া মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা কমার্শিয়াল কলেজ ক্যাম্পাসে অব্যবহূত ২ দশমিক ৭০ একর জমিতে স্থাপন করা হবে একটি স্কুল ও একটি কলেজ। এই জমির মালিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।বাংলাদেশ ব্যাংকের পূর্ব দিকে মানিকনগর কমিউনিটি সেন্টারের সামনে শূন্য দশমিক ৭২ একর জমিতে স্থাপন করা হবে একটি স্কুল। এ জমির মালিক বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। পাড়াডগাইর মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে শূন্য দশমিক ৬০ একর জমিতে একটি কলেজ ও উত্তরা মডেল টাউনের ১০ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কে স্থাপন করা হবে শূন্য দশমিক ৯৯ একর জমিতে। এই জমি ব্যক্তিমালিকানাধীন। কমলাপুর রেলস্টেশনের পূর্ব দিকে বিশ্বরোডসংলগ্ন মুগদাপাড়া হাসপাতালের পাশে ৯ দশমিক ৫৫ একর জমিতে নির্মাণ করা হবে একটি কলেজ। এ জমির মালিক বাংলাদেশ রেলওয়ে। হাজি ক্যাম্পের বিপরীত পাশে দক্ষিণখানে ৫৯ দশমিক ৩২ একর জমিতে স্থাপন করা হবে একটি স্কুল ও একটি কলেজ। এ জমির মালিক আন্তর্জাতিক বিমানবন্দর সংস্থা। জানতে চাইলে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান ও বিমানসচিব শফিক আলম মেহেদী প্রথম আলোকে বলেন, অব্যবহূত জমিতে স্কুল ও কলেজ স্থাপনের ব্যাপারে মন্ত্রণালয়ের আপত্তি নেই। তাঁরাও চান, রাজধানীতে ভালো স্কুল-কলেজের সংখ্যা বাড়ুক। জমিপ্রাপ্তি ও তদারকির জন্য কমিটি: ১৭টি স্কুল ও কলেজ স্থাপনের জন্য জমি পেতে বা হস্তান্তর করতে যাতে দেরি না হয়, তা তদারকি করতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন) সভাপতি করে কমিটি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে যেসব জমি বরাদ্দ দেওয়া হচ্ছে, তা অধিগ্রহণের বিষয়সহ সব কাজ সমন্বয় করবে এ কমিটি।