ঢাকায় ২০ হাটে পশু বেচাকেনা
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে এবার পশুর হাট বসবে মোট ২০টি। ঈদের চার দিন আগে পশু বেচাকেনা শুরু হবে। তবে পশুর হাট বসানোর প্রক্রিয়া শুরু হবে ২০ অক্টোবর। আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঈদুল আজহা উদযাপন, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এ তথ্য জানান। সভা থেকে সিটি করপোরেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ঈদের দিন কোরবানির পর ২৪ ঘণ্টার মধ্যে যেন বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে সড়ক-সংলগ্ন স্থানে কোরবানির পশুর হাট না বসানোর জন্য ঢাকার বাইরের সিটি করপোরেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ জানান, এবার ঢাকায় বর্জ্য অপসারণের জন্য ১৩ হাজার ৪৫০ জন শ্রমিক ও তিন শতাধিক ট্রাক নিয়োজিত থাকবে। সভা থেকে জানানো হয়, এবার বর্জ্য অপসারণে পশুর হাট থেকেই একটি ব্যাগ সংগ্রহ করতে হবে।