ঢাকায় ৩ জুলাই ১০ ও ১১ সারা দেশে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন আগামী ৩, ১০ ও ১১ জুলাই তিন দিনের পৃথক হরতাল কর্মসূচি দিয়েছে। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিস্থাপন করে পঞ্চদশ সংশোধনী পাস করার প্রতিবাদে ধর্মভিত্তিক দলগুলো হরতালের কর্মসূচি দিয়েছে।আবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিরও আগামী ৩ জুলাই শুধু ঢাকায় অর্ধদিবস হরতালের কর্মসূচি আছে। মার্কিন প্রতিষ্ঠান কনোকোফিলিপসের সঙ্গে বঙ্গোপসাগরে দুটি ব্লক থেকে গ্যাস উত্তোলনের চুক্তি করার প্রতিবাদে জাতীয় কমিটি এ কর্মসূচি দেয়। আর চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল সংবাদ সম্মেলন করে ৩ জুলাই ঢাকায় পূর্ণ দিবস হরতাল ডেকেছে। এই দলটি গত বুধবার ঘোষণা করেছিল, ১০ জুলাই তারা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।আগে ১০ জুলাই ডেকে এখন সঙ্গে আবার ৩ জুলাই হরতাল ডাকার বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূছ আহমাদ প্রথম আলোকে বলেন, ‘সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন করে জাতীয় সংসদে বিল পাস করার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে আমরা ৩ জুলাই ঢাকায় হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছি।’ধর্মভিত্তিক ১২টি রাজনৈতিক দল ও সংগঠন গতকাল বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলন করে ১০ জুলাই সকাল ছয়টা থেকে ১১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত টানা ৩০ ঘণ্টার হরতাল পালনের ঘোষণা দিয়েছে। এই হরতাল কর্মসূচিতেও ইসলামী আন্দোলন সমর্থন জানায়।পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১২টি দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নায়েবে আমির আবদুর রব ইউসুফী। এ সময় সব দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি ঘোষণা করার আগে দলগুলোর নেতারা দীর্ঘ বৈঠক করেন।দলগুলোর নেতারা বলেছেন, সংশোধিত সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’-এর ভুল অনুবাদ, সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তুলে দিয়ে ‘ধর্মনিরপেক্ষতা’ প্রতিস্থাপন ও নারী উন্নয়ন নীতিমালা থেকে ইসলামবিরোধী ধারা বাতিলের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।এক প্রশ্নের জবাবে আবদুর রব ইউসুফী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদে আল্লাহকে সৃষ্টিকর্তা উল্লেখ করা হয়েছে। সৃষ্টিকর্তার আরবি হচ্ছে ‘খালেক’। অন্যদিকে আল্লাহর কোনো অনুবাদ হয় না।হরতাল আহ্বানকারী দলগুলো হলো: বাংলাদেশ খেলাফত মজলিস (প্রিন্সিপাল হাবিবুর রহমান), ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত আন্দোলন (আহমদুল্লাহ আশরাফ), সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ (মুহিউদ্দীন খান), জাতীয় গণতান্ত্রিক পার্টি (শফিউল আলম প্রধান), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (খন্দকার গোলাম মোর্ত্তজা), ইসলামী ঐক্য আন্দোলন (হাফেজ হাবিবুর রহমান), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (আবদুর রকিব), বাংলাদেশ ইসলামিক পার্টি (আবদুল মোবিন), বাংলাদেশ ন্যাপ (জেবেল রহমান গাণি), বাংলাদেশ মুসলিম লীগ (নুরুল হক মজুমদার) ও ন্যাপ-ভাসানী (শেখ আনোয়ারুল হক)।এই দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন অতীতে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচির বিরোধিতা করেছিল। কিন্তু এবার ১২ দলের ৩০ ঘণ্টার হরতালে এ দলটিও আছে।জানতে চাইলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, ‘আমরা ১২টি দল ঈমানের দাবিতে বাধ্য হয়ে এ কর্মসূচি দিয়েছি। খেলাফত আন্দোলন হরতালে মাঠে থাকবে না; তবে হরতাল সফল হোক, তা চাইব।’হরতাল আহ্বানকরী এই ১২টি দলের অধিকাংশই নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়।# ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস (তেল-গ্যাস রক্ষা কমিটি)# ৩ জুলাই ঢাকায় পূর্ণ দিবস (ইসলামী আন্দোলন বাংলাদেশ)# ১০ জুলাই সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ)# ১০ জুলাই সকাল ছয়টা থেকে ১১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত হরতাল (১২টি ধর্মভিত্তিক দল)