ঢাকায় ৪ নদীতীরের অবৈধ স্থাপনা: ৭ প্রতিষ্ঠানের লিভ টু আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট ঢাকার চারটি নদী—শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ ও বালুর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাতটি প্রতিষ্ঠানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) খারিজ করে দিয়েছেন । আজ সোমবার সকাল নয়টা ৩৭ মিনিটে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।সাতটি প্রতিষ্ঠান হলো আকিজ সিমেন্ট কোম্পানি গ্রুপ, এসিআই সল্ট লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, কামাল ভেজিটেবলস অয়েল মিল লিমিটেড, সিমেক্স সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেড।হাইকোর্ট গত বছর ঢাকায় চারটি নদী রক্ষায় কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। পাশাপাশি আদালত জরিপের মাধ্যমে নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সময়সীমাও বেঁধে দেন।হাইকোর্টের ওই রায় সংশোধন ও পুনর্বিবেচনার জন্য ওই সাতটি প্রতিষ্ঠান এ বছর মার্চে হাইকোর্টের অন্য একটি দ্বৈত বেঞ্চে আবেদন করেন। গত ২১ মার্চ আদালত আবেদনগুলো খারিজ করে দেন। তবে জনস্বার্থে যেসব স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ না করার অভিমত দেন আদালত।পরে এই সাতটি প্রতিষ্ঠান হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার বিচারপতি এসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল রোববার আবেদনের ওপর শুনানির পর আজ আদেশের দিন ধার্য করেন। আদালত আজ আদেশে বলেন, আবেদনগুলো খারিজ করা হলো।যোগাযোগ করা হলে মূল রিটকারীর কৌঁসুলি মনজিল মোরশেদ প্রথম আলোকে বলেন, আপিলগুলো খারিজ করায় ঢাকার চার নদীর তীর ও অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায় বাস্তবায়নে আর বাধা থাকল না।এ ছাড়া জনস্বার্থে যেসব স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ না করতে আদালতের অভিমত বহাল থাকবে।