ঢাকায় ৪৫ জন রিমান্ডে, সারা দেশে গ্রেপ্তার ১১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল ও পল্টনে পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হওয়া ইসলামী ছাত্রশিবিরের ৪৫ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হামলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে গত সোমবার ও গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঢাকায় সোমবার পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামায়াত-শিবিরের কমপক্ষে ৯০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মতিঝিল ও পল্টন থানায় দুটি করে চারটি মামলা করেছে পুলিশ। অপরদিকে সাতক্ষীরা, রাজশাহী, দিনাজপুর ও ফরিদপুরে ৬২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে।নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও আদালত প্রতিবেদক এবং ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঢাকা: পল্টন থানা সূত্র জানায়, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে একটি ও দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করা হয়। উভয় মামলায় শিবিরের ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা পাঁচ-ছয় শ ব্যক্তিকে আসামি করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলী বলেন, সোমবার তাণ্ডবের সময় শিবির সন্দেহে অনেককে আটক করা হয়েছিল। নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে শিবিরের নেতা-কর্মী হিসেবে নিশ্চিত হওয়ার পর ১৩ জনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মতিঝিল থানা সূত্র জানায়, একই অভিযোগে দুটি মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চার-পাঁচ শ ব্যক্তিকে আসামি করা হয়েছে। দুই মামলায় শিবিরের ৩৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পল্টন ও মতিঝিল থানায় করা মামলায় শিবিরের ৪৭ নেতা-কর্মীকে গতকাল ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এর মধ্যে মতিঝিল থানায় করা দুটি মামলায় ৩৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ৩৩ জনকে পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে পল্টন থানায় করা একটি মামলায় শিবিরের ১৩ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অসুস্থতার কারণে দুজনকে কারাগারে পাঠানো হয়।সাতক্ষীরা: ছাত্রশিবিরের ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুটি মামলায় সোমবার রাত ও গতকাল জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী: নগরের বিনোদপুরে সোমবার পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শিবিরের ৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে মতিহার থানার পুলিশ। এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুর: শিবিরের শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে কোতোয়ালি থানার পুলিশ। ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।ঝিনাইদহ: নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে সোমবার রাত থেকে ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।কক্সবাজার: কক্সবাজার শহর, রামু ও চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে গতকাল অবৈধ অস্ত্রসহ জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ: শহরের রোকনউদ্দিন ট্রাস্ট ভবন থেকে গতকাল দুপুরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া: জেলা শহরসহ ছয়টি উপজেলা সদর থেকে জামায়াতের নয়জন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর: জেলা ও শহর শাখা শিবিরের দুই সভাপতিসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করে মামলা করেছে কোতোয়ালি থানার পুলিশ। ওই মামলায় জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।কুষ্টিয়া: জেলার মিরপুর, ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।উলিপুর (কুড়িগ্রাম): নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গতকাল দুপুরে উলিপুর উপজেলা জামায়াতের আমির আবদুল কুদ্দুছকে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াখালী: সোমবার রাতে সদর থানায় চারজন, বেগমগঞ্জে তিন, সেনবাগ ও চাটখিলে দুজন করে এবং সোনাইমুড়ী, সুবর্ণচর ও হাতিয়ায় একজন করে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা: সোমবার গোপন বৈঠক করার সময় জেলার তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমির আবদুর রবকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া সদর ও লালমোহন উপজেলা থেকে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে।