ঢাকায় ৮০ হাজার গাড়ি চলছে ‘ফিটনেস’ ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় ৮০ হাজারের বেশি যানবাহন চলছে ফিটনেস (চলাচলের উপযোগী সনদ) ছাড়া। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফিটনেসবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বুধবার পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে। ফিটনেসবিহীন পুরোনো গাড়ির নম্বরসংবলিত এক হাজার ৫৪৪ পৃষ্ঠার একটি তালিকাও পাঠানো হয়েছে পুলিশের কাছে।তালিকায় ব্যক্তিগত কার-বাস-মিনিবাস, ট্রাক-কাভার্ডভ্যান, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব, হিউম্যান হলার ইত্যাদি রয়েছে। বিআরটিএ সূত্র জানায়, তালিকায় থাকা কিছু যানবাহন নিবন্ধন নেওয়ার পর কোনো দিনই ফিটনেস নিতে আসেনি। আবার অধিকাংশ যানবাহন পাঁচ-সাত বছরের মধ্যে ফিটনেস পরীক্ষা করতে আসেনি। সংস্থাটির ধারণা, পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহনগুলোর জন্য যানজট হচ্ছে এবং দুর্ঘটনাও বাড়ছে। ঢাকায় এখন পাঁচ লাখেরও বেশি যানবাহন চলে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ফিটনেসবিহীন গাড়ি ঢাকায় চলবে না। বিআরটিএর তালিকা সম্পর্কে তিনি বলেন, ‘এটি এখনো আমার হাতে আসেনি। হাতে পেলে তালিকা ধরে এসব যানবাহন রাস্তা থেকে তুলে দেওয়া হবে।’ কমিশনার বলেন, পুলিশের বড় সমস্যা, যানবাহন জব্দ করে সেগুলো রাখার জায়গা কম। জায়গার ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে তিনি জানান।বিআরটিএর হিসাব অনুযায়ী, সংস্থার ঢাকা উত্তর (মিরপুর) ও দক্ষিণ (কেরানীগঞ্জের ইকুরিয়া) কার্যালয় থেকে ২০০৯ সাল পর্যন্ত গাড়ির নিবন্ধন হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ২৮৫। পুলিশের কাছে দেওয়া তালিকা অনুযায়ী, ফিটনেসবিহীন পুরোনো গাড়ির সংখ্যা ৮০ হাজার ৬১৫। এর মধ্যে ফিটনেসবিহীন ট্যাক্সিক্যাবের সংখ্যা তিন হাজার ৭৫৪।বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, তালিকায় থাকা যানবাহনগুলো যান্ত্রিকভাবে ত্রুটিপূর্ণ। এগুলো প্রায়ই রাস্তায় অকেজো হয়ে যানজট সৃষ্টি করছে। ত্রুটি থাকায় এগুলোতে দুর্ঘটনাও বেশি ঘটে। পুলিশ তালিকা ধরে এই গাড়িগুলো উচ্ছেদ করলে যানজট কমবে, দুর্ঘটনার ঝুঁকিও কমবে। ফিটনেসবিহীন যানবাহনগুলো রাস্তায় চললেও এগুলো থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।যোগাযোগ মন্ত্রণালয় গত বছরের আগস্টে ফিটনেসবিহীন পুরোনো যানবাহন রাজধানী থেকে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। সর্বশেষ গত ১১ মে যোগাযোগ মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত বৈঠকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুরোনো গাড়ির তালিকা বিআরটিএ থেকে সরবরাহ করা হলে পুলিশের পক্ষে অভিযান চালানো সহজ হবে।তালিকা থেকে জানা গেছে, ঢাকার মিরপুর কার্যালয় থেকে নিবন্ধন দেওয়া ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা ৭২ হাজার ২২৫। কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয়ে নিবন্ধন দেওয়া ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা হলো আট হাজার ৩৯০টি। এই দুই কার্যালয় মিলিয়ে ফিটনেসবিহীন পুরোনো গাড়ির সংখ্যা ৮০ হাজার ৬১৫।পরিবহন মালিক, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিটনেসবিহীন পুরোনো গাড়ি কয়েক বছর পর পরই রং করা হয়। বাইরের অংশ চকচকে করার জন্য অনেক সময় পুরো বডিই বদলে ফেলা হয়। রাজধানীর কাজলা ও গাজীপুরের মৃধাবাড়ি এলাকায় পুরোনো যানবাহনে রং করার বেশ কিছু কারখানা গড়ে উঠেছে। অনেক মিনিবাস রংও করা হয় না। রাজধানীতে চলাচলকারী বলাকা, তুরাগ, গুলশান সার্ভিস, আর্ক পরিবহন ও গাবতলী-চিটাগাং রোডে চলাচলকারী অধিকাংশ মিনিবাসের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। কোনো বাসেই নির্দেশক বাতি নেই। বাসের প্রায় সব গ্লাসই ভাঙা।এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও সড়ক দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক শামসুল হক প্রথম আলোকে বলেন, ফিটনেস সনদ দেওয়ার সময় যানবাহনের ৩৩ ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়। তবে ঢাকার রাস্তায় যেসব যানবাহন চলে, এর বেশির ভাগই এই ৩৩ ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। পুলিশ ও বিআরটিএর ব্যর্থতার সুযোগে এগুলো চলছে। ফিটনেসবিহীন গাড়ির কারণে দুর্ঘটনা ও যানজট বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।ফিটনেসে সমস্যা কী: এত যানবাহন ফিটনেসবিহীন কেন? এমন প্রশ্নের জবাবে বিআরটিএর একজন কর্মকর্তা বলেন, বর্তমানে ঢাকার রাস্তায় যেসব বাণিজ্যিক যানবাহন চলে, খালি চোখে দেখলেই এর ৬০ শতাংশ ফিটনেস সনদ পাবে না। যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করলে ৮০ শতাংশ বাণিজ্যিক যানই (বাস-মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব, হিউম্যান হলার ইত্যাদি) ফিটনেস সনদ পাবে না। ২০ বছরের পুরোনো অনেক বাস ঢাকায় চলছে। বর্তমানে বিআরটিএ খালি চোখে পরীক্ষা করে যানবাহনের ফিটনেস সনদ দেয়। ১৯৯৯ সালে সারা দেশে ফিটনেস পরীক্ষার জন্য পাঁচটি যন্ত্র স্থাপন করা হয়েছিল। সেগুলো তিন মাসও চলেনি।তাই অধিকাংশ যানবাহনের মালিক ফিটনেস সনদ নিতে আগ্রহ দেখান না। তাঁরা পুলিশের সঙ্গে যোগসাজশে রাস্তায় গাড়ি চালান। অবশ্য অনুসন্ধানে উল্টো চিত্রও দেখা গেছে। রাজধানীর মালিবাগ ও মগবাজার এলাকায় ঢাকা মেট্রো-ব-১৪-০২৫৩ ও ঢাকা মেট্রো-জ-১৪-১৪১৮ নম্বরের দুটি বাস চলতে দেখা গেছে। এই দুটি বাসের সামনে-পেছনে কোনো সংকেত বাতি নেই। পুরো বাসের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। রং পুরো উঠে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এগুলোর ফিটনেস সনদ রয়েছে। সূত্র জানায়, বিআরটিএ গাড়ি না দেখেই এগুলোর ফিটনেস সনদ দিয়েছে।এ বিষয়ে বিআরটিএর পরিচালক তপন কুমার সরকার বলেন, এখন থেকে ফিটনেস দেওয়ার সময় প্রতিটি যানবাহনের ছবি তুলে রাখার নিয়ম করা হয়েছে। এতে গাড়ি না এনে কেউ ফিটনেস নিতে পারবে না।মোটরযান আইন অনুযায়ী, ফিটনেস সনদের সময় যানবাহনটি কতটুকু সচল, তা পরীক্ষা করে সনদ দেয়। এ ক্ষেত্রে ইঞ্জিনে সমস্যা আছে কি না, চেসিস সঠিক কি না, ব্রেক কতটুকু সচল, যানবাহনের বাইরের অংশে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করতে হয়। কোনো একটি পরীক্ষায় ত্রুটি দেখা গেলে ফিটনেস সনদ না দেওয়ার কথা বলা হয়েছে মোটরযান আইনে।মোটরযান আইন অনুযায়ী কার-জিপ (সাত আসন পর্যন্ত যান) নিবন্ধনের সময় তৈরির সন থেকে পরবর্তী পাঁচ বছরের ফিটনেস সনদ একেবারেই দেওয়া হয়।তবে বাস-মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্য সব যানবাহনকে প্রতিবছর ফিটনেস সনদ নিতে হয়।