ঢাকায় ৮৬ হাজার ফিটনেস-বিহীন গাড়ি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে সড়কে মোট ২০৯টি বিপজ্জনক বাঁক রয়েছে। এসব বাঁক প্রশস্ত করে এবং সড়কে রাম্বল স্ট্রিপ দিয়ে এগুলো ঝুঁকিমুক্ত করার কাজ চলছে। ঢাকায় ৮৬ হাজার ফিটনেস-বিহীন গাড়ি অবৈধভাবে চলাচল করছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।যোগাযোগমন্ত্রী সংসদকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে নয় মাসে ১৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে চারজনের। এর আগে এই সড়কে প্রতিদিন দুর্ঘটনায় মৃত্যু অবধারিত ছিল। ঢাকা-আরিচা সড়কে ২২টি ঝুঁকিপূর্ণ বাঁক ছিল। এর মধ্যে আটটি প্রশস্ত করার কাজ চলছে।কুমিল্লা-লাকসাম সড়কে ৩৭টি গতিরোধক ছিল। গত ঈদের আগে এক রাতে ২১টি উপড়ে ফেলা সম্ভব হয়েছে; আর ঢাকা-মাওয়া সড়কে ৪২টির মধ্যে ২৬টি উপড়ে ফেলা হয়েছে।কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী প্রয়োজনীয় অর্থের জোগান সাপেক্ষে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজ শুরু করে পরবর্তী পাঁচ বছরের মধ্যে শেষ করা করা হবে।কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সংসদকে জানান, রাজধানীতে প্রতিদিন গড়ে তিন লাখ ৭৬ হাজার ৭৬০টি যানবাহন চলাচল করে। গত জুন মাসের হিসাবে ঢাকায় নিবন্ধন করা যানবাহনের সংখ্যা হচ্ছে সাত লাখ আট হাজার ১৯৭। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত ২০০৯ সালের ৩ আগস্ট থেকে গত ২৮ আগস্ট পর্যন্ত মোটরযান অধ্যাদেশে ২৬ হাজার ২৮২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এতে জরিমানা আদায়ের পরিমাণ হচ্ছে দুই কোটি ১৪ লাখ ২৩ হাজার ২১৫ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ৫২২ জনকে। ৯১৮টি যানবাহনকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।পাট রপ্তানি কমেছে: এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে কাঁচা পাট ও পাটজাত পণ্যের রপ্তানি থেকে ৬৪৩ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছিল। ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি হ্রাস পেয়ে ৫৩২ মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। অর্থাত্ ১৭ শতাংশ রপ্তানি কমেছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন বাজার অনুসন্ধান চলছে। সফল হলে রপ্তানি আয় আবারও বাড়তে শুরু করবে।