ঢাকায় ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’
২০১১ সালের অক্টোবরে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পায় ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’। ৭৫ মিলিয়ন ডলার বাজেটের এ ছবি মুক্তির পর থেকে এযাবত্ আয় করে ১৩২ মিলিয়ন ডলার। এবার দ্য থ্রি মাসকেটিয়ার্স ছবিটি মুক্তি পাচ্ছে ঢাকার প্রেক্ষাগৃহে। ঢাকার স্টার সিনেপ্লেক্সে ৬ এপ্রিল শুক্রবার থেকে মুক্তি পাচ্ছে পল অ্যান্ডারসন পরিচালিত দ্য থ্রি মাসকেটিয়ার্স ছবিটি।চলচ্চিত্রকার পল অ্যান্ডারসন শৈশবে তাঁর বাবার সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে প্রথম যে ছবিটি দেখেছিলেন সেটির নামও ছিল ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’। এরপর থেকে একজন মাসকেটিয়ারের মতোই খেলার মাঠের চতুর্দিকে ঘুরে বেড়াতেন পল আর লোকজনকে লাঠি দিয়ে গুঁতো দিতেন। ছোটবেলায় মাসকেটিয়ার্স মুগ্ধ সেই অ্যান্ডারসনের হাতেই একসময় নির্মিত হয় দ্য থ্রি মাসকেটিয়ার্সের নতুন সংস্করণটি। এর আগে ১৯৪৮, ’৭৮ ও ’৯৩ সালে মাসকেটিয়ার্স নিয়ে তিন তিনটি ছবি নির্মিত হয়। ছবিটি তৈরির পরিকল্পনা করার সময় পল অ্যান্ডারসনকে তাঁর স্ত্রী অভিনেত্রী মিলা জভোভিচ প্রশ্ন করেছিলেন, ‘এত কিছু থাকতে “মাসকেটিয়ার্স” কেন?’ জবাবে অ্যান্ডারসন বলেছিলেন, ‘আমি মনে করি প্রত্যেক প্রজন্মেরই তাদের মাসকেটিয়ার্সদের দেখা উচিত। শৈশবের সেই মাসকেটিয়ার্স আমার মধ্যে যে স্বপ্ন তৈরি করেছে তারই প্রতিফলন আজকের মাসিকেটিয়ার্স। এটা আমার কাছে শুধু একটা কাজই নয়, এতে আমার গভীর আবেগ মিশে আছে।’ আলেক্সান্ডার দুমার লেখা বই ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’ অবলম্বনে নির্মিত এ ছবিতে মূল বইয়ের তিন চরিত্র এথোস, প্রোথোস ও এরামিস চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ম্যাথু ম্যাকফাডেন, রে স্টিভেনসন এবং লুক ইভানসন। আরও আছেন অরল্যান্ডো ব্লুম। জানা গেছে, নতুন ছবিতে মাসকেটিয়াররা ভিন্নরূপে এসেছেন। তবে মূল গল্পের আবেদনের কোনো পরিবর্তন হয়নি। এমনকি ভিজ্যুয়াল ইফেক্টস প্রয়োগের ক্ষেত্রেও গল্পের মূল ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে রোমাঞ্চকরভাবে।