ঢাকেশ্বরী ও সূত্রাপুরের কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪
লালবাগের ঢাকেশ্বরী মন্দির এবং সূত্রাপুরের কালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে তিনজন অন্য মামলায় নারায়ণগঞ্জ কারাগারে আটক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, নারায়ণগঞ্জ কারাগারে আটক গরীবুল্লাহ আসলাম (২৮), মনির (২৭) ও মনিরকে (২৪) ঢাকেশ্বরী ও সূত্রাপুর কালী মন্দিরে চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাজধানীতে অভিযান চালিয়ে সেলিম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।মনিরুল ইসলাম বলেন, অন্য মামলায় আটক আরও চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে। মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের হাজির করা হয়। মনিরুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে মন্দিরে চুরির সঙ্গে এই চক্র জড়িত। গরীবুল্লাহ আসলাম চক্রটির দল নেতা। চক্রটি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের মন্দিরে চুরির সঙ্গে জড়িত। আজ সংবাদ সম্মেলনে আসলাম চুরির জন্য মন্দিরকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে বলেন, মন্দিরে নিরাপত্তার কড়াকড়ি কম থাকায় তেমন ঝুঁকি থাকে না। গ্রেপ্তারকৃতরা জানান, তারা চুরি হওয়া স্বর্ণের অধিকাংশই নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্রি করে দিয়েছে। গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর লালবাগে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রথমে চকবাজার মডেল থানায় একটি মামলা করা হয়। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।