ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসাবাদ, বাসায় তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকেশ্বরী মন্দিরে প্রতিমার স্বর্ণ চুরির ঘটনায় পুরোহিত রতন চক্রবর্তীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে রতন চক্রবর্তীর বাসাবোর বাসায় তল্লাশি চালিয়েছে এবং তাঁর মোবাইল ফোন জব্দ করেছে। স্বর্ণ চুরির প্রতিবাদে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা কমিটি। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার এবং পুলিশের পদস্থ কর্মকর্তারা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তদন্ত দ্রুত এগোচ্ছে। শিগগিরই রহস্য উদ্ঘাটিত হবে। পুলিশ মন্দিরের প্রহরী আনিসকে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখা যায়, চতুর্থ দিনের মতো পূজা-অর্চনা বন্ধ ছিল। প্রতিমার গায়ে কোনো অলংকার নেই। মন্দিরে আসা ভক্তরা জাতীয় মন্দিরে পুলিশের পাহারা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। গত শনিবার রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে প্রতিমার ২০০ ভরি সোনার গয়না, দুটি প্রণামী বাক্স থেকে সাড়ে চার লাখ টাকা এবং কিছু মূল্যবান সামগ্রী চুরি করে। রোববার মহানগর পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা এই ঘটনায় বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের নামে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।