ঢাকেশ্বরী মন্দিরের ২০০ ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগের শ্রীশ্রীঢাকেশ্বরী মন্দিরে গত শনিবার রাতে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য মন্দিরে পূজা বন্ধ করে দেওয়া হয়েছে।মন্দির কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত নয়টার দিকে মন্দির তালাবদ্ধ করা হয়। গতকাল সকালে পুরোহিতেরা মন্দির খুলতে এসে দেখেন, প্রধান ফটক ও ভেতরে থাকা ছয়টি বাক্সের তালা ভাঙা। তাঁদের ধারণা, রাত নয়টার পর যেকোনো সময়ে এই চুরির ঘটনা ঘটেছে।মন্দিরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক পুরোহিত তপন ভট্টাচার্য বলেন, ‘রাত নয়টায় মন্দির তালাবদ্ধ করে আমি ঘুমাতে যাই। সকাল সাড়ে ছয়টার দিকে পুরোহিতেরা আমাকে মন্দিরের স্বর্ণ ও অর্থ চুরির ঘটনাটি অবহিত করেন। গিয়ে দেখলাম, মূর্তি অলংকরণের জন্য ব্যবহূত ২০০ ভরি স্বর্ণ ও বাক্সের টাকা নেই।’মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা জানান, মূর্তি অলংকরণের জন্য ভক্তদের দেওয়া স্বর্ণের চেইন, বালা, ছাতা প্রভৃতিসহ ২০০ ভরি স্বর্ণ এবং মন্দিরের ভেতরে থাকা চারটি প্রণামী বাক্স থেকে চার লাখ ৬০ হাজার টাকা চুরি হয়েছে। তবে মূর্তিগুলো অক্ষত রয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, গত ১২ ও ২২ ডিসেম্বর রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও ওয়ারী থানার জয়কালী মন্দিরে একই ধরনের চুরির ঘটনা ঘটে। স্বল্প সময়ের ব্যবধানে এই মন্দিরে একই ঘটনা ঘটল। এসব ঘটনার কোনো সুরাহা না হওয়ায় মন্দিরে চুরির ঘটনা বেড়েছে। এ ব্যাপারে কাউকে সন্দেহ করা হচ্ছে কি না, জানতে চাইলে বীরেশ চন্দ্র সাহা বলেন, ‘আমরা এই মুহূর্তে কাউকে সন্দেহ করছি না। তবে আমাদের ব্যক্তিগত প্রহরী রিপন আলীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।’ অপবিত্রতার কারণে অনির্দিষ্টকালের জন্য মন্দিরে পূজা বন্ধ রয়েছে বলে তিনি জানান। মহানগর সর্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তাপস পাল বলেন, এই মন্দির ৭০০ থেকে ৮০০ বছরের পুরোনো। এর আগে সাম্প্রদায়িক কারণে লুটের ঘটনা ঘটলেও চুরির ঘটনা এই প্রথম। তিনি বলেন, ‘মন্দিরের নিরাপত্তার জন্য আমাদের ব্যক্তিগত প্রহরী ছাড়াও তিনজন পুলিশ নিযুক্ত থাকে। রাতের অন্ধকারে তাদের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই চুরির ঘটনা ঘটল, তা আমাদের বোধগম্য নয়।’চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।