ঢালাওভাবে মামলা প্রত্যাহার হলে সার্বভৌম বিচারক্ষমতা ব্যাহত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, রাষ্ট্র ইচ্ছা করলে অপরাধ-সম্পর্কিত যেকোনো মামলা প্রত্যাহার করতে পারে। কিন্তু এই প্রত্যাহারের ক্ষমতা অত্যন্ত সীমিত। এটি কেবল ন্যায়বিচারের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। ঢালাওভাবে এই ক্ষমতা ব্যবহার হলে রাষ্ট্রের সার্বভৌম বিচারক্ষমতা ব্যাহত হয়।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চতুর্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে আজ শনিবার মুহাম্মদ হাবিবুর রহমান এ কথা বলেছেন। রাজধানীর শিশু একাডেমীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান বলেন, ‘আমরা ৪২ বছর ধরে স্থানীয় সরকারকে অবহেলা করে আসছি। নির্বাচিত লোকের দ্বারা স্থানীয় সরকার পরিচালিত হওয়ার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের নায়েব-গোমস্তা-মুত্সুদ্দিদের দ্বারা পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কর্তাব্যক্তিদের ধারণা, স্থানীয় সরকারকে সক্রিয় হতে দিলে অদক্ষ লোকের দ্বারা দেশের অর্থের অপচয় ঘটবে।’ তাঁর মতে, সুশাসনের ভারসাম্য রক্ষার জন্য মহা-হিসাব নিরীক্ষক, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ রয়েছে। এগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে সুশাসনের কথা ফাঁপা শোনাবে।হাবিবুর রহমান বলেন, রাষ্ট্রের শীর্ষবিন্দু থেকে সর্বনিম্ন পর্যায়ে ক্ষমতার বিন্যাস এমনভাবে করতে হবে, যেখানে স্বায়ত্তশাসন ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে সাধারণ নাগরিক কেন্দ্রীয় ও স্থানীয়—উভয় সরকারে সুপরিচালনায় সমৃদ্ধ হতে পারে।গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, জনগণ ক্ষমতার মালিক। সচেতন, সোচ্চার এবং সংগঠিত নাগরিক সমাজই পারে দেশের সুশাসন নিশ্চিত করতে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘এদেশে বর্তমানে সুশীল সমাজের কোনো অস্তিত্ব নেই। এর কাঠামো ভেঙে গেছে। সুশীল সমাজের কাজ হচ্ছে নাগরিকের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার হওয়া। তারা সরকারের লেজুড়বৃত্তি করলে কীভাবে সুশাসন নিশ্চিত হবে?’ সুজনের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান ও বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।অধিবেশনে সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিক সনদ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এতে নির্বাচনে কালোটাকার ব্যবহার বন্ধ, ছয় মাসের মধ্যে নির্বাচনী মামলার নিষ্পত্তি, আগামী দুই মেয়াদের জন্য নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, একটির বেশি আসনে প্রার্থিতার সুযোগ না রাখা, ‘না’ ভোটের বিধান চালু করা, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত সাংসদদের সদস্যপদ বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া, নির্বাচনের আগের এক বছরের মধ্যে খেলাপি ঋণ পুনঃতফসিল করা ব্যক্তিদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করা, রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনী আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা, সাংসদ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করা, সংসদে নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করে সেখানে সরাসরি নির্বাচন দেওয়া, সংসদে সাংসদদের উপস্থিতি বাধ্যতামূলকভাবে ৮০ শতাংশ কার্যদিবস করা, প্রশাসনের সব স্তরে স্থানীয় শাসন প্রতিষ্ঠা করা—ইত্যাদি দাবি উপস্থাপন করা হয়। উদ্বোধনী অধিবেশনের শুরুতে সুজনের সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদসহ অন্য বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করে নীরবতা পালন করা হয়। অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব আলী ইমাম মজুমদার, সুজনের সহ-সম্পাদক জাকির হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ, জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, বিএনপির নেতা ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক দিলারা চৌধুরী, রুহিন হোসেন প্রমুখ। নতুন কমিটি: সম্মেলনে সুজনের ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও ১৮১ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে এম হাফিজ উদ্দিন খান ও সম্পাদক হিসাবে বদিউল আলম মজুমদার নির্বাচিত হন। এ ছাড়া কার্যনির্বাহী কমিটিতে এ এস এম শাহজাহান (সহসভাপতি), আবদুল হক (কোষাধ্যক্ষ), জাকির হোসেন (সহসম্পাদক) নির্বাচিত হন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, বিচারপতি কাজী এবাদুল হক, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক তোফায়েল আহমেদ, সেলিনা হোসেন, হামিদা হোসেন, আলী ইমাম মজুমদার ও জাফরুল্লাহ চৌধুরী।