সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিল্পী ঢালী আল মামুনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত রোববার রাতে তাঁর চোয়ালে বিশেষ অস্ত্রোপচার হয় (ম্যাক্সিলোফেশিয়াল)। বর্তমানে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরের দাফন আজ মঙ্গলবার হবে। তবে খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের দাফনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দুজনের মরদেহ তাঁদের স্বজনদের অপেক্ষায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা আছে।গত রোববার রাতে অধ্যাপক মতিউর রহমান মোল্লার তত্ত্বাবধানে ঢালী আল মামুনের চোয়ালে বিশেষ অস্ত্রোপচার করা হয় (ম্যাক্সিলোফেশিয়াল)। রাত সাড়ে আটটায় তাঁকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়, রাত ১২টায় শেষ হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের কর্মকর্তা থমাস চাকো গতকাল সোমবার প্রথম আলোকে জানান, ঢালী আল মামুনের অবস্থা এখন স্থিতিশীল। রোববার রাতে তাঁর শরীরে অস্ত্রোপচার প্রাথমিকভাবে সফল হয়েছে। তাঁকে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে রাখতে হবে।পারিবারিক একটি সূত্রে জানা গেছে, তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে শিল্পীর বুকের আটটি পাঁজর এবং পিঠের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। বুকের একটি হাড় ভেঙে ফুসফুসেও আঁচড় লেগেছে। এ পরিস্থিতিতে তাঁর চিকি ৎ সা জটিল ও ব্যয়বহুল হয়ে পড়েছে।গত শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জোকা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান। ওই দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী শিল্পী দিলারা বেগম জলি। আহত ঢালী আল মামুন ছাড়া বাকি সবাই চিকি ৎ সা নিয়ে বাড়ি ফিরে গেছেন।মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর প্রথম আলোকে জানান, তাঁদের বড় ভাই সিয়েরা লিওনে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা আহমেদ মুনীর রওনা হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে তাঁর দেশে ফেরার কথা। তিনি ফিরলে দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে তাঁরা বনানী গোরস্থানে যাবেন। বাদ জোহর সেখানে দাফন করা হবে।তবে তারেক মাসুদের দাফন কোথায় এবং কখন হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। ফরিদপুর থেকে তারেক মাসুদের মা এসেছেন। দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নাসির উদ্দীন ইউসুফ জানান।দোয়া মাহফিল: মিশুক মুনীরের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বাদ আসর মিশুকের শ্বশুরবাড়ি গোপীবাগের ১৩৯ রামকৃষ্ণ মিশন রোডের চিওরা হাউসে দুর্ঘটনায় নিহত পাঁচজনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হবে।