দেশে সবচেয়ে প্রকট সমস্যা হচ্ছে জ্বালানির। জ্বালানির সংকটে বিদ্যুৎ-সার-শিল্প উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে চুলা জ্বলে না। পাইপলাইন গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখতে হয়েছে। সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং করতে হচ্ছে। বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দুষ্প্রাপ্য ও দুর্মূল্য।বিভিন্ন গবেষণা সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের হিসাব অনুযায়ী জ্বালানি-স্বল্পতার কারণে দেশে প্রতিবছর যে পরিমাণ উৎপাদন ব্যাহত হয়, তার অর্থনৈতিক মূল্য মোট দেশজ প্রবৃদ্ধির (জিডিপি) প্রায় ২ শতাংশের সমান।নির্বাচনী ইশতেহারে জ্বালানি খাতের উন্নয়ন প্রাধান্য পেলেও আওয়ামী লীগ সরকারের দুই বছরে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় গতি পায়নি। সরকার কিছু মৌলিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। জ্বালানি খাতের কার্যক্রম চলছে আগের মতোই ঢিমেতালে।গ্যাস: এখন পর্যন্ত দেশের প্রধান জ্বালানি সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে উত্তোলনযোগ্য (প্রমাণিত ও সম্ভাব্য মিলে) গ্যাসের পরিমাণ ২০ দশমিক ৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে প্রায় ৯ টিসিএফ তোলা হয়েছে। ছোট-বড় ২৩টি গ্যাসক্ষেত্রের ৭৯টি কূপ থেকে বর্তমানে দৈনিক উত্তোলনের পরিমাণ ১৯৭ থেকে ২০০ কোটি (১৯৭০ থেকে ২০০০ মিলিয়ন) ঘনফুট। বর্তমানে গ্যাসের চাহিদা দৈনিক ২৫০ কোটি (২৫০০ মিলিয়ন) ঘনফুট। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি দৈনিক ৫০ কোটি ঘনফুটের বেশি। বর্তমানে গ্যাসের বার্ষিক চাহিদা বৃদ্ধির হারও প্রায় ১০ শতাংশ। এই ঘাটতি মাথায় নিয়ে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফলে গত এক বছরে মাত্র ১০ কোটি ঘনফুটের মতো গ্যাসের উৎপাদন বেড়েছে। ২০১২ সালের শেষ অথবা ২০১৩ সালের শুরুর দিকে প্রবৃদ্ধিসহ বাড়তি চাহিদা মেটানো যাবে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন।নতুন অনুসন্ধান: নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কাজে খুবই ধীরগতি লক্ষ করা যাচ্ছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় আমেরিকান কোম্পানি কনোকো ফিলিপস ও ব্রিটিশ কোম্পানি টাল্লোর সঙ্গে মোট তিনটি ক্ষেত্রে (গভীর সমুদ্রের ১০ ও ১১ এবং অগভীর সমুদ্রের ৫ নম্বর ব্লক) উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষরের প্রক্রিয়া চলছিল। কিন্তু এ ব্যাপারে টাল্লোর সঙ্গে একবার পেট্রোবাংলার আলোচনার পর আর কোনো অগ্রগতি নেই। কার্যত সে আলোচনা পরিত্যক্ত হয়েছে। আর কনোকো ফিলিপসের সঙ্গে পেট্রোবাংলার তিনবার আলোচনা হয়েছে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।দেশের স্থলভাগেও অনেক এলাকায় অনুসন্ধান চালানো বাকি আছে। সম্প্রতি পেট্রোবাংলা স্থলভাগে অনুসন্ধানের জন্য একটি পিএসসির খসড়া তৈরির কাজ শুরু করেছে। এ বছরের (২০১১ সাল) শেষভাগে অনুসন্ধানের জন্য নতুন বিডিং রাউন্ড শুরু করা হতে পারে।পূর্বাভাস: সরকার গ্যাস খাতের চাহিদা বৃদ্ধির যে পূর্বাভাস প্রণয়ন করেছে সে অনুযায়ী চলতি অর্থবছরে (২০১০-১১) দেশে গ্যাসের চাহিদা ৮৭২ দশমিক ৮ বিসিএফ। ২০১১-১২ সালে চাহিদা হবে ৯৬২ বিসিএফ। ২০১২-১৩ সালে হবে ১০৬১ দশমিক ৫ বিসিএফ এবং ২০১৩-১৪ সালে চাহিদা হবে ১২২২ দশমিক ৪ বিসিএফ।এই বর্ধিত চাহিদা মেটানোর লক্ষ্যে যে পরিকল্পনা করা হয়েছে, সে অনুযায়ী ২০১২ সালের মধ্যে চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আসবে। বাপেক্স ও পিএসসির অধীনে শেভরন, টাল্লো ও স্যান্টোস নিজ নিজ ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়াবে। একই সঙ্গে গ্যাস সঞ্চালনের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করারও কর্মসূচি নেওয়া হয়েছে বলে সরকারের দাবি।তবে পর্যবেক্ষণ অনুযায়ী সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। বিশেষ করে সঞ্চালনের জন্য প্রয়োজনীয় পাইপলাইন ও কমপ্রেসর স্থাপন সময়মতো সম্পন্ন হওয়া নিয়ে পেট্রোবাংলা তথা সরকারের যথেষ্ট সন্দেহ রয়েছে। গ্যাসের জন্য সবচেয়ে দুরবস্থা হয়েছে চট্টগ্রাম অঞ্চলের। ওই অঞ্চলের বিদ্যুৎ, সার, শিল্পসহ সব উন্নয়ন পরিকল্পনা করা হয়েছিল সাঙ্গুর গ্যাসের ওপর ভিত্তি করে। কিন্তু সাঙ্গুতে আশানুরূপ গ্যাস না পাওয়ায়, কিংবা বলা যায়, সাঙ্গুর মজুদ সম্পর্কে ওই ক্ষেত্রের অপারেটর কেয়ার্ন এনার্জির হিসাব সঠিক না হওয়ায় ক্ষেত্রটির উৎপাদন প্রায় শেষ হয়ে এসেছে। অথচ জাতীয় গ্রিড থেকে চট্টগ্রাম অঞ্চলে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের সুযোগ নেই।কয়লা ও কয়লা নীতি: দেশে এ পর্যন্ত আবিষ্কৃত পাঁচটি ক্ষেত্রে মোট মজুদের পরিমাণ প্রায় ৩০০ কোটি (৩ বিলিয়ন) টন অতি উন্নতমানের বিটুমিনাস কয়লা। এই কয়লা দিয়ে ৫০ বছর ধরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু এই সম্পদ উত্তোলন করে উন্নয়নের কাজে লাগানোর সঠিক কোনো পরিকল্পনা নেই বললেই চলে।দেশের একমাত্র কয়লাক্ষেত্র বড়পুকুরিয়া থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তুলে ২৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র চালানো হচ্ছে। কিন্তু ওই কয়লাক্ষেত্রটির পরিচালন পদ্ধতি ত্রুটিপূর্ণ হওয়ায় ক্ষেত্রটির অবস্থা খারাপ। সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, বর্তমান পদ্ধতি বহাল রাখলে বড়পুকুরিয়া থেকে মোট মজুতের ১৫ শতাংশ কয়লা তোলাও সম্ভব হবে না। এই ১৫ শতাংশ কয়লা তোলার পর বাকি কয়লা তোলার আর কোনো উপায় থাকবে না। অর্থাৎ বিপুল পরিমাণ জাতীয় সম্পদ বিনষ্ট হবে।সরকারের ২০১৫ নতুন বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় প্রায় দুই হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে এই কয়লা আমদানি করে বিদ্যুৎকেন্দ্র চালানো হবে বলে সরকারি পরিকল্পনায় বলা হয়েছে। আর দেশীয় কয়লা তোলার জন্য সরকার ‘জাতীয় কয়লা নীতি’ প্রণয়নের প্রক্রিয়া চালাচ্ছে। এই নীতিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই চূড়ান্ত করে রাখা হয়েছিল। সেটি গত দুই বছর পর্যন্ত সরকার অনুমোদনের পর্যায়ে নিতেই পারেনি।এলএনজি: গ্যাসের সরবরাহ বাড়াতে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে সরকার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির একটি কার্যক্রম হাতে নিয়েছে। দৈনিক ৫০ কোটি ঘনফুটের সমান এলএনজি আমদানির প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে এ জন্য একটি টার্মিনাল (স্থায়ী কিংবা অস্থায়ী) স্থাপনের জায়গাও নির্ধারণ করা হয়েছে। কাতার থেকে এলএনজি পাওয়া যাবে বলেও নিশ্চিত হওয়া গেছে।এখন এলএনজি সরবরাহ করতে আগ্রহী কোম্পানিগুলোর প্রাকযোগ্যতা যাচাই করার জন্য বিডিং রাউন্ড শুরুর প্রক্রিয়া চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের মধ্যে এলএনজি আমদানি শুরু করা হবে।কিন্তু এই গ্যাস চট্টগ্রামে আনতে যে পাইপলাইন করতে হবে (স্থলভাগে ও সমুদ্রের তলদেশে) তা স্থাপনের কাজ ওই সময়ের মধ্যে শেষ করা যাবে বলে মনে করেন না পর্যবেক্ষকেরা। তা ছাড়া আন্তর্জাতিক বাজারে এখন এলএনজির দাম প্রতি ঘনমিটার ১১/১২ মার্কিন ডলার। এই দামে গ্যাস এনে তা দিয়ে দেশের চাহিদা পূরণের অর্থনৈতিক সম্ভাব্যতা কতটুকু বাস্তবসম্মত, তা নিয়েও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি মহলে প্রশ্ন আছে।জ্বালানি তেল: দেশের প্রধান বাণিজ্যিক জ্বালানি এখনো আমদানি করা তেল। কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন প্রভৃতি ক্ষেত্রে জ্বালানি তেল ব্যবহূত হয়। বর্তমানে দেশে প্রতিবছর নানা ধরনের জ্বালানি তেল মিলে মোট আমদানির পরিমাণ প্রায় ২৮ লাখ মেট্রিক টন। নতুন বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে তা বাড়তে থাকবে। ওই বাড়তি তেল আমদানি করা তেমন কোনো সমস্যা নয়। তবে তা নিয়মিত ও সময়মতো বিদ্যুৎকেন্দ্রসহ প্রতিটি ব্যবহারস্থলে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ হবে।নবায়নযোগ্য জ্বালানি: দেশে অধিকাংশ মানুষ, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী এখনো জ্বালানি চাহিদা মেটায় কাঠ, খড়-কুটা (বায়োগ্যাস) প্রভৃতি ব্যবহার করে। সরকার পরিকল্পনা করেছে এ ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার। তার অংশ হিসেবে গ্রামাঞ্চলে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের একটি জোরদার কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে চলছে সৌর ও বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ। তবে এই উদ্যোগ দেশের বর্তমান প্রয়োজন মেটাতে তেমন কোনো ভূমিকা রাখবে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।