সমমনা ইসলামি ও ১২ দলের ডাকা হরতাল গতকাল রোববার ঢাকাসহ সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে রাজধানীতে হরতালকারীরা রাস্তায় নামতেই পারেনি। গণপরিবহনব্যবস্থা অনেকটাই স্বাভাবিক ছিল। তবে গাড়ির সংখ্যা কম ছিল। যাত্রাবাড়ী ও মিরপুরে হরতালের সমর্থনের মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ দুটি স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া চট্টগ্রামে হরতালকারীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এর মধ্যে সকাল সাড়ে নয়টায় আগ্রাবাদে বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এ ছাড়া সকালের দিকে নগরের অলংকার মোড়, আগ্রাবাদ ও জামানহাট মোড়ে হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল হয়। সিলেটে হরতালের সমর্থনে চোরাগোপ্তা মিছিল থেকে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। গতকাল সকাল থেকে রাজধানীর রাস্তায় পুলিশ ও র্যা ব ছিল খুব তৎপর। যাত্রাবাড়ী ও মিরপুর ছাড়া রাজধানীর আর কোথাও হরতালের সমর্থনে উল্লেখযোগ্য কোনো তৎপরতা ছিল না। সকাল সাতটার দিকে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। মিছিলকারীদের ইটের আঘাতে যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন আহত হন। এখান থেকে পুলিশ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এই ৩৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। এদের বেশির ভাগই তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র ও ছাত্রশিবিরের কর্মী বলে জানান ওসি।সকাল ১০টার দিকে মিরপুরের কাজীপাড়া ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা কয়েকটি বাস ভাঙচুর করে। পরে পুলিশের তাড়া খেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। এ সময় মিছিলকারীদের ছোড়া ইটের আঘাতে মিরপুর থানার উপপরিদর্শক আসলাম আহত হন। এখান থেকে আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মিরপুর থানার ওসি সালাহউদ্দীন খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আটজনই জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।গতকাল সকালে রাজধানীর প্রবেশমুখ গাবতলী, মহাখালী, সায়েদাবাদসহ বিভিন্ন জায়গায় যানবাহন থামিয়ে তল্লাশি করেছে পুলিশ। সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা ছিল। তবে রাজধানীর রাস্তায় গাড়ির চাপ কম ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নগরের চারটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।প্রথম আলোর কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। তবে যাত্রীসংখ্যা কম ছিল। কেরানীগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিত হলেও কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদে জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত আন্দোলন। তারা দলের আমির মাওলানা আহমদ উল্লাহ আশ্রাফের মুক্তি দাবি করে।গত শনিবার পূর্বঘোষিত মহাসমাবেশ করতে না দেওয়া ও পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সমমনা ইসলামি ও ১২ দল। সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস পুনঃস্থাপনসহ বিভিন্ন দাবিতে পল্টন ময়দানে ওই কর্মসূচির আগের দিন ঢাকা মহানগর পুলিশ পল্টন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। শনিবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করতে গেলে ইসলামি দলগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ প্রায় ১০০ জন আহত হয়।