ঢিলেঢালা হরতাল, মাঠে ছিল না আট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু হরতাল ডেকেই শেষ। মাঠে দেখা যায়নি হরতাল আহ্বানকারী ধর্মভিত্তিক সেই আটটি দলের নেতা-কর্মীদের। মাঠে ছিল না হরতালে সমর্থনদানকারী বিএনপিও। কয়েকটি স্থানে হরতাল সমর্থনকারী জামায়াত-শিবির ‘নাশকতার চেষ্টা চালালেও’ তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ছোট ছোট আটটি ধর্মভিত্তিক দলের এই হরতাল প্রত্যাখ্যানের ডাক দিয়েছিল তরুণ প্রজন্ম। হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে মাঠে ছিল ১৪ দলও। সড়ক পরিবহন মালিক সমিতি ঘোষণামতো গাড়ি বের করেছে। কোনো কোনো এলাকায় দোকানপাট খুলেছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ছিল। ফলে হরতাল কার্যত ঘোষণাতেই সীমাবদ্ধ ছিল, ছিল কিছুটা আতঙ্ক। গত শুক্রবার দেশব্যাপী সহিংসতার পর গতকাল সারা দেশে সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই মানিকগঞ্জের সিঙ্গাইরে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন মারা গেছেন। সারা দেশে আর কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল। অনেক স্থানে হরতাল হয়নি। চাঁদপুর, রাজশাহী ও জয়পুরহাটে পত্রিকাবাহী গাড়িতে আগুন দিয়েছেন হরতাল-সমর্থকেরা। নওগাঁ, রূপগঞ্জ ও কেরানীগঞ্জে ইসলামী ব্যাংকের বুথ ভাঙচুর করা হয়। চট্টগ্রামে ১৭টি অটোরিকশা ভাঙচুর করেন হরতালকারীরা। পুলিশ এসব স্থান থেকে ১৮ জনকে আটক ও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, সুনামগঞ্জ, সিলেটের গোয়াইনঘাট, নোয়াখালী, সাতক্ষীরা, গাজীপুর ও কুমিল্লায় ঢিলেঢালাভাবে হরতাল হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম, পঞ্চগড়, কিশোরগঞ্জ, রংপুর, দিনাজপুর, টঙ্গী, বরগুনা, পাকুন্দিয়া, ঈশ্বরগঞ্জ ও সান্তাহারে হরতাল হয়নি। রাজধানীর চিত্র: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি লেগুনায় অগ্নিসংযোগ ও ফকিরাপুল পানির ট্যাংকের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরানা পল্টনের কালভার্ট সড়কে শিবিরের কয়েকজন কর্মী একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পুলিশ বলছে, গাড়ি পোড়ানো, ককটেল ফাটানোর ঘটনাগুলো ঘটিয়েছে জামায়াত-শিবির। হরতালে বিএনপি সমর্থন দিলেও তাদের কোনো তৎপরতা ছিল না। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মানবতাবিরোধী অপরাধের বিচার ও জামায়াত-শিবিরের সহিংস রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত তরুণেরা বিশাল হরতালবিরোধী মিছিল নিয়ে মৎস্য ভবন-প্রেসক্লাব-পুরানা পল্টন-দৈনিক বাংলা হয়ে আবারও শাহবাগে ফিরে আসে। গত ২০ দিনে লাগাতার অবস্থান কর্মসূচির বাইরে এটাই গণজাগরণ মঞ্চের এমন কর্মসূচি ছিল। এ ছাড়া রাজধানীর পল্লবী, মিরপুর ১০, বংশাল, মহাখালী, নিউমার্কেট, হাজারীবাগসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল করেছে ক্ষমতাসীন জোটভুক্ত ১৪ দল। এদের কোনো কোনো মিছিলে কর্মীদের লাঠি হাতে দেখা গেছে। মহাখালীতে হরতালবিরোধী মোটরসাইকেল ও রিকশা মিছিলও হয়েছে।সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত লাঠি হাতে মিছিল বের করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে গাড়িগুলো রাস্তার অপর পাশ দিয়ে চলাচল করে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পুরানা পল্টনের কালভার্ট রোডে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। একই সময় ফকিরাপুল পানির ট্যাংকের কাছে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে এবং সাত-আটজনকে আটক করে। মতিঝিলের শাপলা চত্বর, দিলকুশা ব্যাংকপাড়া ও আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল স্বাভাবিক ছিল। ওই এলাকার সড়কগুলোয় বেশ কিছু বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চলাচল করেছে। এই এলাকার মোড়ে মোড়ে প্রচুর র‌্যাব-পুলিশ মোতায়েন ছিল।হরতালের সমর্থনে কামরাঙ্গীরচর এলাকার জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার গেটের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা-কর্মীরা। পুলিশ অবরুদ্ধ করে রাখায় তাঁরা বের হতে পারেননি।নগরের তিনটি আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে বিকেলের দিকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়। তবে নগর পরিবহন ও স্বল্প দূরত্বের বাসগুলো চলেছে। ঢাকা থেকে ধামরাই, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ স্বল্প দূরত্বের রুটগুলোতে বাস চলেছে। ট্রেন ও লঞ্চ চলাচল একেবারেই স্বাভাবিক ছিল।নগরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। দোকানগুলো সকাল থেকেই কম-বেশি খোলা থাকলেও বিপণিবিতানগুলো দুপুরের পর থেকে খুলেছে।আমাদের কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুসংলগ্ন ইসলামী ব্যাংক জিঞ্জিরা শাখার এটিএম বুথ ভাঙচুর করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তাঁরা ব্যাংকেও হামলা চালান। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।