ঢিলেঢালা হরতাল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত দেশের কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীতে জনজীবন প্রায় স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করার প্রতিবাদে এই হরতাল ডেকেছে জামায়াত।একই অপরাধে দলের আরেক নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে এর এক দিন আগে গত রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জামায়াত। ঢিলেঢালাভাবে পালিত ওই হরতালে জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক।রাজধানীতে তেমন কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করার চেষ্টা করেছেন হরতাল-সমর্থকেরা। সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অবরোধ করে। পরে পুলিশ তাদের ধাওয়া দেয়। তারা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বাবুবাজার এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির।বাংলা মোটর মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন মোড় এবং সড়কে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। পথচারীদের বিভিন্ন স্থানে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। তেজগাঁও অঞ্চলে পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, রোববারের হরতালে কোনো নাশকতার ঘটনা না ঘটায় বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলছে। রাজধানীর সড়কগুলোতে অফিসগামী মানুষের স্বাভাবিক ভিড় লক্ষ করা গেছে। অন্যান্য হরতালের চেয়ে আজ বাস চলাচল বেশি করলেও ব্যক্তিগত গাড়ির স্যংখ্যা কম। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল তুলনামূলক বেশি। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালে দূরপাল্লার বাসগুলো ভোরবেলা এসে পৌঁছেছে। কিন্তু কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।