বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে গতকাল বুধবার রাজধানীতে তেমন কোনো সহিংস ঘটনা ঘটেনি। কয়েকটি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে ঢাকার বাইরে কয়েকটি জায়গায় হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশ ও হরতালবিরোধীদের সংঘর্ষ হয়েছে। দিনাজপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন। নওগাঁর মান্দা উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষে আহত হন ২৫ জন। এসব সহিংস ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং জামায়াত-শিবিরের ৪৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি দাবি করেছে, হরতালের সময় সারা দেশে ২৭৬ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ ১৭০ জনকে আটক করেছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে ৩৬ ঘণ্টা হরতাল ডাকে ১৮-দলীয় জোট।এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সংগঠনের সভাপতি দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।ঢাকা ও ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঢাকা: রাজধানীর প্রধান সড়কগুলোতে বিপুলসংখ্যক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে। হরতালে রাজধানীতে তেমন পিকেটিং লক্ষ করা যায়নি। তবে বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল করেন। কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল প্রায় নেতা-কর্মীশূন্য। সেখানে বিকেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপি এই হরতালকে সফল দাবি করেছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান কেন্দ্রীয় কার্যালয়ে এ দাবি করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, সারা দেশে কোথাও হরতাল হয়নি। দিনাজপুর: বেলা দেড়টার দিকে শহরের গণেশতলায় জেলা বিএনপির কার্যালয় থেকে নেতা-কর্মীরা মিছিল বের করলে সেন্ট যোসেফ স্কুলের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিএনপির নেতারা জানান, সংঘর্ষে জেলা বিএনপির সহসভাপতি রেজিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামানসহ অন্তত ১৫ জন আহত হন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, সংঘর্ষের সময় মিছিলকারীরা দুজন পুলিশের রাইফেল কেড়ে নেয়। এ সময় উপপরিদর্শক (এসআই) মো. মখলেছুুর রহমান ও কনস্টেবল মুকুল, শওকতসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলমসহ পাঁচজনকে আটক করা হয়েছে।নওগাঁ: বেলা ১১টার দিকে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক মোল্লার মোটরসাইকেলে বিএনপির কর্মীরা ঢিল ছোড়ে। খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়ে মিছিল বের করে। এ সময় চৌরাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে উভয় পক্ষে ২৫ জন আহত হয়।এদিকে মঙ্গলবার রাতে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। এরপর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৭ জনকে আটক করে। তবে পরে ১২ জনকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় যানবাহন ভাঙচুর করার অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ।বগুড়া: সকালের দিকে হরতাল-সমর্থকেরা মিছিল নিয়ে শহরের চারমাথার অদূরে রংপুর-ঢাকা মহাসড়কের ইসলাম বোর্ডিংয়ের কাছে প্রথমে ৯-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে পিকেটিং করে।চুয়াডাঙ্গা: সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল জব্বারকে (৫২) গতকাল সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, শিবিরের ডাকা হরতাল সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছিলেন আবদুল জব্বার। কুমিল্লা: বেলা একটার দিকে পূবালী চত্বর এলাকায় বিএনপির মিছিলে বাধা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। সিরাজগঞ্জ: মঙ্গলবার রাতে গাজী টিভির প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়কে মারধর করেছেন হরতাল-সমর্থকেরা। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়।সাজিরুলের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম গতকাল শহরের চৌরাস্তা প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করে। জেলার রায়গঞ্জে মঙ্গলবার রাত একটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকে আগুন দেওয়ার সময় শিবিরের চার কর্মীকে আটক করে পুলিশ। রাজশাহী: সকাল সাড়ে নয়টার দিকে হরতাল-সমর্থকেরা নগর ভবনের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় তারা একটি অটোরিকশা ভাঙচুর শুরু করলে নগর ভবনের কর্মচারীরা ধাওয়া দেন। এরপর পিকেটাররা পালিয়ে যায়। পাবনা: মঙ্গলবার রাত আটটার দিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানের নেতৃত্বে শহরে একটি হরতালবিরোধী মিছিল বের করেন যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে শহরের ইন্দারা মোড়ে সমাবেশের সময় উপস্থিত কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে যা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের ১০ কর্মী আহত হন।নীলফামারী: হরতাল-সমর্থকেরা মিছিল থেকে শহরের বড়মসজিদ সড়কের দুটি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। এ ছাড়া আগের দিন হরতালের সময় পুলিশের কাজে বাধা, হামলার অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা হয়েছে।বরগুনা: মঙ্গলবার রাতে বরগুনার বামনা থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল ও যুবদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে। নোয়াখালী: মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে পুলিশ নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ জনকে আটক করেছে। ওই রাতে বেগমগঞ্জ উপজেলার কালিরহাট বাজারের একটি চায়ের দোকানের পাশ থেকে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।সিলেট: সকালে নগরের জিন্দাবাজার, তাঁতীপাড়া, কাজীটুলা, দক্ষিণ সুরমার সুরমাগেট, সুবিদবাজার, আম্বরখানা, নয়াসড়ক, শেখঘাট এলাকায় শতাধিক রিকশা-অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। এর মধ্যে অন্তত সাতটি যানে আগুন দেওয়া হয়।নরসিংদী: সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সহসভাপতি মনজুর এলাহীর নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী সড়ক অবরোধ করেন। গাজীপুর: সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় পিকেটাররা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। নাশকতা পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার রাতে জেলা শহর ও বোর্ড বাজার এলাকা থেকে বিএনপির চার কর্মীকে আটক করা হয়েছে।