ঢিলেঢালা হরতাল মাঠে নেই নেতারা
হরতাল ডেকেও আড়ালে ছিলেন বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অধিকাংশ নেতা। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও সাত-আটজন বা তার কিছু বেশি কর্মী মিছিল করেছেন। রাজধানীর অলিগলিতে করা এসব মিছিলের স্থায়িত্ব ছিল কয়েক মিনিট।তবে জাতীয় সংসদ ভবন এলাকায় কয়েকজন সাংসদকে মিছিল করতে দেখা গেছে। আর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন তিন-চারজন কেন্দ্রীয় নেতা।গতকাল হরতাল শেষে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত তাঁদের দলের ১৫ নেতা-কর্মী মারা গেছেন। আর গতকালের হরতালে ১০৭ জন আটক ও ২১১ জন আহত হয়েছেন।মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘হামলায় হতাহতের’ প্রতিবাদে ১৮ দল গতকাল ও আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। গতকাল সন্ধ্যা ছয়টায় প্রথম দিনের হরতাল শেষ হয়েছে। আজ সকাল ছয়টায় শুরু হয়েছে দ্বিতীয় দিনের হরতাল। কাল শুক্র ও শনিবার সরকারি ছুটি শেষে রোববার হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।গতকালের হরতালে বিছিন্নভাবে কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। কিছু গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়েছে।হরতালের শুরুতে সকাল থেকে রাজধানীতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও বাস চলেছে। কর্মজীবী মানুষের ভিড়ও ছিল রাজপথের মোড়ে মোড়ে। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালে দূরপাল্লার বাসগুলো ভোরে এসে পৌঁছেছে। কিন্তু কোনো বাস ঢাকা ছাড়েনি। ব্যক্তিগত যানবাহন খুব একটা চলেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যান চলাচলের পরিমাণ বেড়ে যায়। মঙ্গলবার রাত থেকে রাজপথে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও র্যাবের সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। রাজধানীতে টহল দিয়েছে বিজিবি।সকাল সাতটার দিকে চিড়িয়াখানা রোডে বিসিআইসি কলেজের উল্টো দিকে স্টাফ কোয়ার্টারের সামনে একটি লেগুনায় আগুন দেন ছাত্রদলের কর্মীরা। আগারগাঁওয়ে একটি বাস ভাঙচুর করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনে ভোর সাড়ে পাঁচটায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বেলা সোয়া তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ছাড়া কাজীপাড়া ও বাড্ডায় হরতাল-সমর্থকেরা দুটি গাড়ি ভাঙচুর করেন। গাবতলীতে সকালের দিকে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।স্বাভাবিক মতিঝিলের অফিসপাড়া: বাণিজ্যিক এলাকা মতিঝিল ও পুরানা পল্টন এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। দিলকুশাসহ আশপাশের এলাকায় ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দেশের শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন হয়েছে। সকাল থেকে মতিঝিল ও পল্টন এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই এলাকায় অফিস যথাসময়ে খুলেছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ছিল। তবে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম ছিল।